0%

সাংসদ পদ হারানোর পর এবার কমল অধীর চৌধুরীর নিরাপত্তা

সবদিক নিউজ: দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল। কোনও সাংবিধানিক বা দলীয় পদে না থাকা সত্ত্বেও কেন তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, তা নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন কালীঘাট তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অধীরের নিরাপত্তা কমানো হল বলে সূত্রের খবর। এতদিন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেও এখন থেকে তিনি এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। সাংসদ থাকাকালীন অধীর চৌধুরীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকতেন পাঁচজন জওয়ান। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের গড়েই পরাজিত হওয়ার পর তাঁর সাংসদ পদ চলে যায়। স্বাভাবিক নিয়মে এরপর নিরাপত্তা কমে যাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন তিনি আগের মতোই ওয়াই প্লাস নিরাপত্তা পেতে থাকেন।

এই বিষয়টি নিয়েই রাজনৈতিক প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অধীরের বোঝাপড়া রয়েছে। ব্যক্তিগত স্বার্থের কারণেই কংগ্রেস নেতা বিজেপির বিরুদ্ধে যথেষ্ট সরব হন না বলেও অভিযোগ উঠেছিল। যদিও সেই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিতে চাননি অধীর। বিধানসভা নির্বাচনের আগে তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। তা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। এবার হঠাৎ নিরাপত্তার স্তর কমিয়ে দেওয়ায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিরোধীদের একাংশের দাবি, এর নেপথ্যে জটিল রাজনৈতিক সমীকরণ থাকতে পারে।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও পরাজিত হয়েছেন অধীর। বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্বপূর্ণ পদেও নেই। ফলে সরকারি নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে তাঁর নিরাপত্তার স্তর কমানো অস্বাভাবিক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুক্রবার এ বিষয়ে অধীর চৌধুরী বলেন, “কমেছে না বেড়েছে, আমি জানি না। আগেও কয়েকজন থাকতেন। এখনও পর্যন্ত দেখছি তাঁরা রয়েছেন। বাকিটা আমার জানা নেই। তবে আমি কোনওদিন কারও কাছে নিরাপত্তা চাইনি।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker