0%

সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা

ক্রীড়াকে রাজনীতিমুক্ত করতে হবে। দায়িত্ব নিয়েই এই কথা সাফ জানিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নীশীথ প্রামাণিক। এবার ক্রীড়াক্ষেত্রে বাংলার দুর্দশা নিয়ে সরব হলেন সদ্য প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়া অশোক দিন্দা। তাঁর হুঁশিয়ারি, ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য এবার থেকে ক্রীড়াবিদদেরই দায়িত্ব দেওয়া হবে। প্রাক্তন তারকা পেসারের প্রতিশ্রুতি, বাংলার বুকে এবার গড়ে উঠবে ২০০ কোটি টাকার ক্রীড়া প্রকল্প।

বাংলার প্রাক্তন তারকা এদিন জানান, “বাংলায় ক্রীড়া প্রকল্প গড়তে চেয়েছিল সাই। অন্তত তার জন্য ২৫ একর জমি চাওয়া হয়েছিল তৃণমূল সরকারের আমলে। কিন্তু সেই জমি দেওয়া হয়নি। তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা হয় আমার। উনি জানিয়েছিলেন, বাংলায় জমি সংকটের কারণে সাইয়ের প্রকল্প গড়া যাচ্ছে না।” সদ্য মন্ত্রী হওয়া দিন্দা সেসময়ে বিজেপির বিধায়ক ছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় গেরুয়া শিবির। সেবার ময়না কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন প্রাক্তন পেসার।

দিন্দা জানিয়েছেন, তিনি বিধায়ক হওয়ার পরের বছরই জানতে পারেন সাইয়ের আটকে থাকা প্রকল্পের কথা। বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নতি নিয়ে আলোচনা করতে তিনি সাক্ষাৎ করেছিলেন অনুরাগের সঙ্গে। জানতে পারেন সরকারের জমি না দেওয়ার কথা। সেই বিষয়টি নিয়ে বিধানসভায় সরবও হন দিন্দা। কিন্তু তাঁকে সাসপেন্ড করে দেওয়ার হুমকি শুনতে হয়েছে বলে জানান বাংলার প্রাক্তন তারকা। দিন্দা বলেন, “আমাকে বলা হল, আমার কথার সপক্ষে যথাযথ নথি দেখাতে না পারলে সাসপেন্ড করা হবে।”

২০২২ সালে প্রস্তাবিত এই প্রকল্পের নথিপত্র বিধানসভায় পেশ করেছেন বলেও জানান দিন্দা। কিন্তু সেই নথিতে ২০০ কোটি বাজেটের উল্লেখ ছিল না বলে জানায় তৃণমূল সরকার। সেই কারণেই সতর্ক করা হয় দিন্দাকে। তবে এবার সাইয়ের প্রকল্প তৈরি হবে বাংলর বুকে, এমনটাই ঘোষণা করেছেন তিনি। কলকাতা, বর্ধমান বা পূর্ব মেদিনীপুরে তৈরি হতে পারে এই পরিকাঠামো। বর্তমানে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে ইতিমধ্যেই এই নিয়ে আবেদনও করেছেন দিন্দা। তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী দিনে ক্রীড়াক্ষেত্রের পরিচালনায় থাকবেন ক্রীড়াব্যক্তিত্বরাই।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker