জল্পনার অবসান! NEET-এর নতুন দিনক্ষণ ঘোষণা, কবে বসতে হবে পরীক্ষায়?

সবদিক নিউজ: দেশজুড়ে চলা নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্কের আবহে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। শুক্রবার একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা গ্রহণ করা হবে। কেন্দ্রের সবুজ সঙ্কেত মেলার পরেই এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে খবর। দেশজুড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই মেগা প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছেন।
কেন বাতিল হয়েছিল পরীক্ষা?
উল্লেখ্য, গত ৩ মে দেশজুড়ে নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। বিহার-সহ একাধিক রাজ্যে প্রশ্নফাঁস চক্রের হদিশ মেলায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পড়ুয়া ও অভিভাবকদের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত গোটা পরীক্ষাটিই বাতিল করতে বাধ্য হয়েছিল এনটিএ। সেই বিতর্কের ছায়া কাটিয়ে এবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়াই বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় সংস্থার কাছে।
অভিভাবকদের সতর্কবার্তা
এদিন এক্স হ্যান্ডলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এনটিএ স্পষ্টভাবে জানিয়েছে যে, পরবর্তী যেকোনও তথ্যের জন্য পড়ুয়া ও অভিভাবকদের শুধুমাত্র এনটিএ-র নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও ভুয়ো তথ্যে কান না দেওয়ার অনুরোধও করা হয়েছে।
নিট পরীক্ষার মতো এত বড় একটি পরীক্ষা পুনরায় আয়োজন করার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো করা হয়, এখন সেটাই দেখার। প্রশ্নফাঁস কাণ্ডের পর ২১ জুনের পরীক্ষায় যাতে কোনো ত্রুটি না থাকে, তার জন্য কোমর বেঁধে নামছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।



