0%

ভিনেশ বিতর্কে কড়া অবস্থানে ফেডারেশন, খতিয়ে দেখা হচ্ছে শোকজের জবাব

ভিনেশ ফোগাট ও ভারতের কুস্তি ফেডারেশনের সংঘাত থামার কোনও নামগন্ধ নেই। জাতীয় নির্বাচনী ট্রায়ালে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার পর ভিনেশকে পাঠানো শোকজ নোটিসের জবাব পেয়েছে ফেডারেশন। সেই জবাব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডব্লিউএফআই। 

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালে ভিনেশ ফোগাটকে ঘিরে বিতর্ক তৈরি হয়। কোয়ার্টার ফাইনালে নিশুর বিরুদ্ধে তিনি ০-৫ ব্যবধানে পিছিয়ে ছিলেন। সেই সময় একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিশু পিনফলের সুযোগ পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তবে রেফারি খেলা থামিয়ে ভিনেশকে ৪ পয়েন্ট দেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ ও বিতর্ক শুরু হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন ভিনেশের স্বামী সোমবীর রাঠি ম্যাটের দিকে জলের বোতল ছুড়ে দেন। পরে ভিনেশ একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে চ্যালেঞ্জ করেন। তাতে সফলও হন। তবে কিছুক্ষণ পর আরেকটি বিতর্ক দেখা দেয়। ভিনেশের পক্ষ থেকে ৪ পয়েন্ট দাবি করা হলেও বিচারকরা মাত্র ২ পয়েন্ট দেন। এরপর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার চ্যালেঞ্জ করা হলেও তা গ্রহণ করা হয়নি।

ভিনেশ ফোগাট। ফাইল ছবি।

এরপর ভিডিও রিভিউ দেখানোর দাবি তোলেন ভিনেশ ও তাঁর কোচরা। অভিযোগ, রিভিউ স্ক্রিনে প্রযুক্তিগত সমস্যা থাকায় সেই ফুটেজ দেখানো সম্ভব হয়নি। তা নিয়ে ডব্লিউএফআই সভাপতি সঞ্জয় সিং ও তাঁর সহযোগীদের সঙ্গে ভিনেশের সমর্থকদের তর্ক শুরু হয়। এক পর্যায়ে ট্রায়াল সাময়িকভাবে বন্ধও রাখতে হয়। এই পরিস্থিতিতে ডব্লিউএফআই সভাপতি সঞ্জয় কুমার সিং এক বিবৃতিতে বলেন, “ভিনেশ ফোগাটের পাঠানো জবাব আমরা পেয়েছি। ফেডারেশনের নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই সেই জবাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

একই সঙ্গে জাতীয় ট্রায়ালে কয়েকজন কুস্তিগিরের আচরণও ফেডারেশনের নজরে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও সরাসরি ভিনেশের নাম উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, “নির্বাচনী ট্রায়ালে কয়েকজন কুস্তিগিরের আচরণ নিয়ে ফেডারেশন পর্যালোচনা করছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” ভবিষ্যতে জাতীয় দলে নির্বাচন নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে ডব্লিউএফআই। ফেডারেশন জানিয়েছে, অতীতের সাফল্য বা তারকাখ্যাতি নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নির্বাচন করা হবে। ডব্লিউএফআই-এর বক্তব্য, “ভবিষ্যতে সমস্ত নির্বাচন সম্পূর্ণভাবে ট্যালেন্ট ও পারফরম্যান্সের ভিত্তিতে হবে। কোনও কুস্তিগিরের মর্যাদা বা অতীতের সাফল্যের জন্য কোনও ব্যতিক্রম করা হবে না।” ফেডারেশন আরও জানিয়েছে, “জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনও শর্টকাটের সুযোগ থাকবে না।”

উল্লেখ্য, সম্প্রতি এই ইস্যুতে এক আইনি লড়াইয়ে জয় পান ভিনেশ। জাতীয় ট্রায়ালে তাঁর অংশগ্রহণ স্থগিত করার জন্য ডব্লিউএফআই যে আবেদন করেছিল, তা খারিজ করে দেয় ভারতের সর্বোচ্চ আদালত। ফলে আপাতত ট্রায়ালে অংশগ্রহণের ক্ষেত্রে স্বস্তি পেলেও ফেডারেশনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব যে এখনও শেষ হয়নি, তা স্পষ্ট।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker