0%

‘পুলিশ প্রথমে ব্যাট করবে’, দিল্লি আন্দোলনে ‘আরশোলা’দের খোঁচা পাক ক্রিকেটার কানেরিয়ার!

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ঘিরে উত্তাল নয়া দিল্লি। কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে ভারতের রাজধানীকে। ইতিমধ্যে আটক করা হয়েছে ‘ককরোচ’ নেতাদের। পুলিশ সতর্ক করে দিয়েছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট দানিশ কানেরিয়ার। নাম না করেও ‘ককরোচ’ বিরোধিতায় শামিল প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।

এক্স হ্যান্ডলে কানেরিয়া লিখেছেন, ‘আশা করব দিল্লি পুলিশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।’ এর সঙ্গে সরাসরি কোথাও ‘ককরোচ’ আন্দোলনের কথা নেই। কিন্তু সোশাল মিডিয়ায় অনেকেই এই বক্তব্য রাখছেন। যার অর্থ, বিপক্ষ আন্দোলনে নামার আগেই দিল্লি পুলিশ সক্রিয় হয়ে পদক্ষেপ নেবে। অনেকক্ষেত্রে তা কড়া হাতে দমনও হতে পারে। সেই ভাইরাল বক্তব্য নিজেই শেয়ার করলেন পাক ক্রিকেটার কানেরিয়া।

তবে তাঁর বক্তব্যকে নেটিজেনদের অনেকে ভালো চোখে নিচ্ছেন না। পাক নাগরিক কেন ভারতের আন্দোলন নিয়ে কথা বলবেন? আসলে পাকিস্তানি হয়েও কানেরিয়া বরাবরই ‘ভারতপন্থী’। বহুবার তিনি অভিযোগ জানিয়েছিলেন, স্রেফ ধর্মের জন্য দলের মধ্যে কয়েকজন সতীর্থের কাছে ব্রাত্য ছিলেন। অনেকেই তাঁর সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইতেন না। এভাবে হেনস্তার শিকারও হতে হয়েছিল তাঁকে। এর আগে নিট নিয়ে জেন জি আন্দোলনেও বিজেপি’র পাশে দাঁড়িয়েছিলেন।

উল্লেখ্য, ‘ভোটচুরি’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ‘আরশোলা’রা। দিল্লি পুলিশ জানিয়েছে যে, বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও এই যন্তর মন্তরে কর্মসূচি করছে ‘ককরোচ’রা। মধ্য দিল্লির বহু এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ১৬৩ ধারা বলবৎ রয়েছে। পুলিশ সতর্ক করে দিয়েছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের বিক্ষোভে যাতে কোনওরকম সহিংসতার প্রকাশ না পায় তা নিশ্চিত করতেই এহেন সতর্কতা বলে সূত্রের দাবি। অন্তত ২৬ হাজার পুলিশ এবং আধাসেনা মোতায়েন করা হয়েছে শহরজুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লি রেল স্টেশনে ট্রেন ঢোকা। বাতিল হয়েছে কলকাতা থেকে দিল্লিগামী জোড়া রাজধানী এক্সপ্রেস।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker