Pakistan Threatens India: অপারেশন সিঁদুরে শিক্ষা হয়নি! ভারতের সঙ্গে যুদ্ধ করার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর, পেরে উঠবে?

ইসলামাবাদ: ঔদ্ধত্যের সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান (Pakistan)। আবার হুমকি ভারত(India)-কে। যদি ভারত সিন্ধুর জল না ছাড়ে, তাহলে সামরিক অভিযান শুরু করার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif)।
রবিবার (২১ জুন) পাকিস্তানের একটি সংবাদমাধ্যম এআরআই নিউজ (ARY News)-কে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সিন্ধু জলচুক্তি নিয়ে মুখ খোলেন। জল দেশের জাতীয় নিরাপত্তার কোর ইস্যু বলেই উল্লেখ করেন। এরপরই বলেন যে সিন্ধু নদের জল পেতে কোনও সমস্যা হলে পাকিস্তান পাল্টা জবাব দিতে দু’বার ভাববে না।
খোয়াজা আসিফ বলেন, “যেই মুহূর্তে মনে হবে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন বা হুমকি দেওয়া হচ্ছে, আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব। জল আমাদের জাতীয় সুরক্ষারই অংশ।”
যদি ভারত সিন্ধুর জল আটকায় বা জলের গতিপথ বদলে দেয়, তাহলে পাকিস্তানও কঠোর পদক্ষেপ করতে পিছপা হবে না। এমনটাই বলেন খোয়াজা আসিফ। হুমকির সুরেই তিনি বলেন, “ভারত আচরণ না বদলালে আমরা ওদের সঙ্গে যুদ্ধ শুরু করব। কারণ জল জীবন। আর ওরা সেটাই আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে।”
১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের উপস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সিন্দু, চন্দ্রভাগা ও ঝিলম নদীর জল ব্যবহারের অধিকার পেয়েছিল পাকিস্তান। তবে গত বছরের এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে দেয়। আটকে যায় জল। পাকিস্তানের শুকিয়ে মরার অবস্থা এখন। সে দেশের কৃষিকাজ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতি এই জলের উপরেই নির্ভরশীল।
তবে ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে। ‘জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না’, বলেই জানানো হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল বলেছিলেন যে ২০২৮ সালের জুন মাসের মধ্যে পাকিস্তানে সিন্ধুর জল যাওয়ার গতিপথ সম্পূর্ণ বন্ধ বা শুকিয়ে যাবে।
গত সপ্তাহে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দর-ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের হস্তক্ষেপের আবেদন করেছিলেন সিন্ধুর জল সরবরাহ পুনরায় চালু করার জন্য।



