SIR বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ INDI জোট, প্রধান বিচারপতিকে চিঠিতে একাধিক প্রশ্ন

বাংলা হান্ট ডেস্ক : এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে নিয়ে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এবার সরাসরি দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইল ইন্ডি জোট। বিরোধী শিবিরের অভিযোগ, SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় অনিয়ম করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
এসআইআর (SIR) নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডি জোটের
এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিল ইন্ডি জোটের শরিক দলগুলি। তাদের দাবি, এই উদ্যোগের ফলে ভোটারদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের নির্বাচনের পরও বিরোধীরা একই অভিযোগে অনড় থেকেছে। সম্প্রতি ইন্ডি জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি দেশের প্রধান বিচারপতির নজরে আনা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি বিস্তারিত চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের উদ্দেশে ওই চিঠি জমা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়া ব্লকের ২১টি শরিক দলের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে এবং মল্লিকার্জুন খারগে-সহ একাধিক শীর্ষ নেতা। উল্লেখযোগ্যভাবে আপ এবং ডিএমকেও এই চিঠিতে সই করেছে। যদিও আপ বর্তমানে ইন্ডি জোটের অংশ নয়।অন্যদিকে, সাম্প্রতিক কয়েকটি ইন্ডি জোটের বৈঠকে ডিএমকের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। তাই এই দুই দলের স্বাক্ষরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। চিঠির শুরুতেই আবেদন জানিয়ে লেখা হয়েছে, “যখন সবদিক বিপন্ন, তখন ভারতীয় গণতন্ত্র একমাত্র বিচার ব্যবস্থার মুখাপেক্ষী হয়ে থাকে।” এরপর SIR প্রক্রিয়াকে ঘিরে ভোট লুটের অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিরোধীদের বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে ভোটার তালিকা ও নির্বাচনী ফলাফল প্রভাবিত হতে পারে, তা তুলে ধরা হয়েছে চিঠিতে।
পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, বিহার-সহ সম্প্রতি নির্বাচন হওয়া বিভিন্ন রাজ্যের ঘটনাও উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ কেন নিয়মবহির্ভূত এবং সংবিধানের পরিপন্থী বলে মনে করা হচ্ছে, তারও বিশদ ব্যাখ্যা রয়েছে।
একইসঙ্গে SIR-এর কারণে নির্বাচনের ফলাফলে কী প্রভাব পড়েছে, সেই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট চাওয়ার আবেদনও জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সিপিএম-সহ ২১টি রাজনৈতিক দল উপস্থিত ছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, SIR-কে কেন্দ্র করে ভোটে কারচুপির অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানো হবে। প্রায় ২২ দিন পর মঙ্গলবার সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।

আরও পড়ুন : জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় পুলিশের তলব! গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অতীন ঘোষ
উল্লেখযোগ্য বিষয়, এদিন থেকেই দিল্লি ও কর্নাটকে SIR প্রক্রিয়া চালু হয়েছে। SIR-কে ঘিরে রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেল প্রধান বিচারপতির কাছে ইন্ডি জোটের এই আবেদনের মাধ্যমে। এখন আদালতের অবস্থান এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে দেশের রাজনৈতিক মহলের।




