আইনি জট কাটার পথে ‘জন নয়াগণ’! এবার কি মুক্তি পাচ্ছে?

‘জন নয়াগণ’ (Jana Nayagan) ছবির মুক্তি ঘিরে জট কাটার ইঙ্গিত মিলতেই নতুন করে চর্চা শুরু হয়েছে থালাপতি বিজয় ভক্তদের মধ্যে। পরিচালক এইচ. ভিনোথের রাজনৈতিক অ্যাকশন ড্রামা ঘিরে সেন্সর জটিলতা এবং আদালত মামলা দীর্ঘদিন ধরেই মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ ছবিটির মুক্তির সম্ভাবনাকে আবারও জোরালো করেছে।
ছবিটির প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস মাদ্রাজ হাইকোর্টে দায়ের করা তাদের রিট পিটিশন প্রত্যাহার করতে আগ্রহ প্রকাশ করেছে। সিবিএফসি (CBFC)-র বিরুদ্ধে করা এই মামলায় তারা আর আইনি লড়াই চালিয়ে যেতে চায় না বলে হাইকোর্ট রেজিস্ট্রিকে চিঠি দিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, সেন্সর বোর্ড ছবিটিকে রিভাইজিং কমিটিতে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেই প্রক্রিয়ায় তারা সহযোগিতা করবে।
এর আগে, ৯ জানুয়ারির একক বেঞ্চের নির্দেশে ছবিটিকে ইউ/এ ১৬+ শংসাপত্র দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়। প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগন সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি যথাযথভাবে মানা হয়নি। সেন্সর বোর্ডকে তাদের অবস্থান ব্যাখ্যা করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি বলেও মন্তব্য করা হয়। পাশাপাশি ছবির বিরুদ্ধে ওঠা অভিযোগকে “গুরুতর” বলেও উল্লেখ করে আদালত।
শুনানিতে প্রযোজনা সংস্থা জানায়, পরীক্ষক কমিটি যে ২৭টি কাটছাঁট ও সংশোধনের সুপারিশ করেছিল, সবই কার্যকর করা হয়েছে। তবে সিবিএফসি-র পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এআরএল সুন্দরেশন আদালতকে জানান, কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সশস্ত্র বাহিনীকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: বাড়ি ঘিরে ২০ জন! বন্দুক হাতে মুখোমুখি গোবিন্দ
উল্লেখ্য, বিজয়ের পূর্ণমাত্রায় রাজনৈতিক জীবনে প্রবেশের আগে এটিকেই তাঁর ‘সোয়ানসং’ বা শেষ বড় ছবি হিসেবে দেখা হচ্ছে। প্রথমে ছবিটি পঙ্গল উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।
ছবিতে বিজয়ের সঙ্গে রয়েছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি ও নারাইন। সব জট কাটলে খুব শিগগিরই ‘জন নায়গন’ মুক্তির দিন ঘোষণা হবে।
আরও পড়ুন: ‘ভালোবাসা মানে স্বীকৃতি’, ভ্যালেন্টাইনস উইকে মন জিতল জিতুর মন্তব্য



