0%

আম্পায়ারের সঙ্গে বচসা! রুদ্ধশ্বাস জয়ের পরেও বোর্ডের শাস্তির কবলে আরসিবি কোচ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের রাতেও বিতর্ক এড়াতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন আরসিবি’র হেডকোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ফলে শাস্তি ভোগ করতে হবে তাঁকে। 

এই বিষয়ে আরও খবর

ফ্লাওয়ারকে জরিমানা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা ভঙ্গের অভিযোগে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। অভিযোগ, ম্যাচ চলাকালীন তিনি অশালীন ভাষা প্রয়োগ করেন এবং চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।

ঘটনাটি ম্যাচের ১৮তম ওভারে। তৃতীয় আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে বাউন্ডারি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আরসিবি শিবির। সেই সময় দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে চতুর্থ আম্পায়ারের কাছে যান ফ্লাওয়ার। এই ঘটনায় কার্তিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বোর্ড। কেবল ফ্লাওয়ারের আচরণকেই নিয়মবহির্ভূত বলে মনে করেছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “আরসিবি’র হেডকোচ অ্যান্ডি ফ্লাওয়ার লেভেল-১ আচরণবিধি ভঙ্গ করেছেন। ১৭.২ ওভারের সময় তিনি চতুর্থ আম্পায়ারের সঙ্গে আক্রমণাত্মকভাবে কথা বলেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফ্লাওয়ার অভিযোগ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।”

তবে মাঠের বাইরের এই বিতর্ক আরসিবি’র জয়ের আনন্দে প্রভাব ফেলতে পারেনি। শেষ বলে দুই উইকেটের নাটকীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু। চলতি মরশুমে এটি তাদের সপ্তম জয়। জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিজ্ঞ পেসার। শেষ তিন বলে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। সেই সময় রাজ অঙ্গদ বাওয়ার বলে পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে গুরুত্বপূর্ণ ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

ম্যাচ শেষে ভুবনেশ্বর বলেন, “ওই ছক্কাটাই হয়তো সবচেয়ে বেশি মনে থাকবে। এর আগে অনেকবার উইকেট নিয়েছি। কিন্তু ওই শটটা খেলার আনন্দ আলাদা ছিল।” ৩৬ বছরের এই পেসার বর্তমানে ২১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। আইপিএলে চতুর্থবার এক মরশুমে ২০-র বেশি উইকেট নিলেন তিনি।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker