‘এই রায় মানুষের..’, বাংলার ভোট ফল নিয়ে ফের বিস্ফোরক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠছে, অন্যদিকে ভোটের ফল নিয়েও প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই মুখ খুললেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে তিনি দাবি করেন, বহু আসনে গণনা কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ফল প্রভাবিত করা হয়েছে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ভাঙচুর ও হামলার অভিযোগও তোলেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিস্ফোরক দাবি
কলকাতায় এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে সরাসরি বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “ওরা লুঠপাট করে ক্ষমতায় এসেছে। তাই মানুষের শক্তিকে ভয় পাচ্ছে।” তাঁর অভিযোগ, সেই কারণেই বিভিন্ন জায়গায় ভাঙচুর, পার্টি অফিস দখল এবং হামলার ঘটনা ঘটছে।
শুধু তাই নয়, ভোটের ফল নিয়েও গুরুতর অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের দাবি, প্রায় ১০০টি আসনে গণনা কেন্দ্র দখল করে ফল প্রভাবিত করা হয়েছে। তাঁর কথায়, “এই রায় মানুষের রায় নয়। মানুষ যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু বহু আসনে গণনা কেন্দ্রে লুঠ হয়েছে।”
এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও তুলে ধরেন তিনি (Abhishek Banerjee)। অভিযোগ করেন, আধা সামরিক বাহিনীকে ব্যবহার করে গণনার সময় প্রভাব খাটানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। এদিনের বক্তব্যে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন তিনি। কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “সিঙ্গুর আন্দোলনের সময়ও চারদিকে বারুদের গন্ধ ছিল। তখনও আমরা হার মানিনি। এখনও পরিস্থিতি আলাদা নয়। এটা এক ধরনের অগ্নিপরীক্ষা।”
অন্যদিকে, একই দিনে কলকাতা হাইকোর্টে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতি এবং বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন তিনি।

আরও পড়ুনঃ ৫ টাকার মা ক্যান্টিনে এবার মাছ-ভাত! বড় ঘোষণা দিলীপ ঘোষের
তবে হাইকোর্ট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও বিতর্ক তৈরি হয়। তাঁকে দেখে কিছু মানুষের তরফে ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।



