‘এমন শিক্ষা দিতে হবে’…ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডবের পর কড়া মুখ্যমন্ত্রী

সবদিক নিউজ: মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডবের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার জনকল্যাণ শিবির থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যারা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার চেষ্টা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন তিনি। ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে গুণ্ডামি, জঙ্গিপনা, জমি লুট করতে দেব না। যত বড় মাফিয়া বা ডন হোক না কেন, রাজ্য সরকার সবক শেখাবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ফলতার ঘটনায় প্রশাসন এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে।
মঙ্গলবারের ঘটনাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী জানান, তিনি সেদিন কার্শিয়াংয়ে ছিলেন। সেখান থেকেই টিভিতে ফলতার পরিস্থিতি দেখেন। তাঁর কথায়, “গতকাল আমি কার্শিয়াংয়ে ছিলাম। টিভিতে দেখলাম, ফলতায় মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারা মিলিটারি বাহিনীকে আক্রমণ করতে গিয়েছিল। এখানে এসপিকে বলে যাচ্ছি, ভিডিওতে যতজনকে দেখা গিয়েছে, কেউ যেন বাড়িতে না থাকে। সবাইকে আইনের আওতায় আনতে হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি পুলিশমন্ত্রী হিসেবেই নির্দেশ দিচ্ছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাঁর বক্তব্য, এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ পুলিশ বা বাহিনীর উপর হামলা করার সাহস না পায়।
ফলতার মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী জানান, এলাকায় কোনও ধরনের দাদাগিরি বা মাফিয়ারাজ বরদাস্ত করা হবে না। যারা হামলায় যুক্ত, তাদের শুধু গ্রেপ্তারই নয়, প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার পদক্ষেপও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এই কাজ ডবল ইঞ্জিন সরকারই করবে। রাজনৈতিক মহলের মতে, ফলতার জনকল্যাণ শিবির থেকে শুভেন্দুর এই কড়া বার্তা শুধু প্রশাসনিক নির্দেশ নয়, আইনশৃঙ্খলা নিয়ে নতুন সরকারের অবস্থানও স্পষ্ট করে দিল। এখন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কত দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়, সেদিকেই নজর সকলের।



