0%

ক্রীড়ায় একনায়ক! নিয়ম বহির্ভূতভাবে বহু পদ আঁকড়ে বাবুন, পেতে পারেন কঠোর শাস্তি

নিয়ম বহির্ভূতভাবে একাধিক পদ আঁকড়ে বসে থেকেছেন। পদত্যাগ করার চিঠি পেয়েও সরে দাঁড়াননি! এমনই বিস্ফোরক অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের বিরুদ্ধে। জানা গিয়েছে, রাজ্যের একাধিক ক্রীড়া প্রশাসন সংস্থার শীর্ষ পদে রয়েছেন তিনি। সেই পদগুলিতে থেকে সরে দাঁড়াতে বাবুনকে চিঠি পাঠানো হয়েছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে। কিন্তু তাতেও কাজ হয়নি।

রাজ্যে পালাবদলের পর ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নীশীথ প্রামাণিক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বাংলার ক্রীড়াঙ্গনগুলো যাতে রাজনীতিমুক্ত হয়, সেটা আমাদের দেখতে হবে। এখানকার স্পোর্টস কমিটিগুলোতে পরিবারতন্ত্রের একটা ছায়া রয়েছে। স্পোর্টস সেক্টরগুলোকে সেই ছায়া থেকে মুক্ত করতে হবে।” সেই মন্তব্য বাবুনকে ইঙ্গিত করেই কিনা, জানা নেই। উল্লেখ্য, বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব, রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিব হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই।

ক্রীড়া প্রশাসনে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি থাকা সত্ত্বেও বাবুন কীভাবে একসঙ্গে এতগুলো পদে রয়েছেন, এই প্রশ্ন ছিলই। জানা গিয়েছে, দিনপনেরো আগে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে একাধিক পদে থাকা ব্যক্তিদের চিঠি দিয়ে সরতে বলা হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার ফের নতুন করে এই ব্যক্তিদের চিঠি পাঠানো হয়েছে। এবারও যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ না ছাড়েন তাহলে তাঁদের সাসপেন্ড করা হবে বলে সূত্রের খবর। কেবল বাবুন নন, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুও রাজ্য জুডো অ্যাসোসিয়েশন এবং হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে রয়েছেন।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বড়সড় অভিযোগ ছিল। হরিশ পার্ক ক্লাব এবং হরিশ পার্ক ব্যায়াম সমিতি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট তৈরি করেছেন-এমন ভূরি ভূরি অভিযোগ রয়েছে। সেই ক্লাব অবশ্য এখন দখলমুক্ত হয়েছে বলেই সূত্রের খবর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker