নীরজের চোখে-মুখে স্পষ্ট হতাশা, ‘ভয় পেয়েছিলাম’, রুপো নিশ্চিত করার আগে ঠিক কী ঘটেছিল!

গ্লাসগো কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) সোনা হাতছাড়া হয়েছে দেশের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়ার। অধরাই থেকে গিয়েছে তাঁকে ৯০ মিটার থ্রো করতে দেখার স্বপ্ন। বাজিমাত করে সোনা ঘরে তুলেছেন শ্রীলঙ্কান জ্যাভলিন তারকা রুমেশ থারাঙ্গা পাথিরাগে। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। কিন্তু রুপো জয়ের পর তিনি নিজেই জানালেন জ্যাভলিন থ্রোয়ের সময় প্রতিপদে ভয়ে ভয়ে ছিলেন তিনি! এমনকী, ক্যামেরাতেও স্পষ্ট ধরা পড়ে তাঁর হতাশা আর টেনশনে ভরা মুখ।
মরশুমের সেরা থ্রো করে রুপো জিতেছেন নীরজ। তা সত্ত্বেও কেন ভয়ে ছিলেন? ঠিক কী ঘটেছিল ইভেন্ট চলাকালীন? নীরজ জানান, “নিজের কামব্যাকে আমি খুশি। ঠান্ডায় খুব একটা ভালো পারফর্ম করি না। হাজার হোক ভারতীয় তো। তবে ধীরে ধীরে পরিশ্রমের ফল পাচ্ছি।” তবে এখনও যে শুধরানোর জায়গা আছে, তা মেনে নিয়েছেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী তারকা। তাঁর কথায়, “১০০ শতাংশ ফিট থাকলে ঘুরে দাঁড়ানোর সবরকম প্রয়াস করা যায়। কিন্তু চোট থাকলে চিন্তা থাকে। আজকেও যেমন আমি ভয়ে ভয়ে ছিলাম। খুব জোর দিয়ে দৌড়তে চাইনি। শরীরকে কন্ট্রোলে রাখার দিকেই মনোযোগ দিয়েছিলাম। তবে থ্রোটা ভালোই হয়েছে।”
তবে ৮৫.৪১ মিটার থ্রোয়ের পরও কেন হতাশ দেখাচ্ছিল তাঁকে? ইভেন্ট চলাকালীন দেখা যায়, কোচের সঙ্গে কথা বলার সময় রীতিমতো চিন্তিত, হতাশ নীরজ। পরে তিনি জানান, গ্লাসগোর আবহাওয়া নিয়েই আসলে নিজের শঙ্কা প্রকাশ করছিলেন তিনি। প্রথমের দিকে আবহাওয়া ভালোই ছিল। কিন্তু পরবর্তীতে হাওয়ার গতি বাড়ে। যা জ্যাভলিনের ক্ষেত্রে অতি প্রতিকূল। সেই কারণেই নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তায় ছিলেন তিনি। তবে দিনের শেষে দেশের জন্য রুপো আনতে পারায় তিনি খুশি। পাশাপাশি তাঁর পরেই শেষ করে আরেক ভারতীয় যশবীর সিং ব্রোঞ্জ পাওয়ায় উচ্ছ্বসিত নীরজ।
An outstanding Silver for Neeraj Chopra in the Men’s Javelin event at Glasgow!
He has once again demonstrated remarkable consistency, composure and spirit. His successes make every Indian proud. My best wishes to him for the endeavours ahead. #CWG2026@Neeraj_chopra1 pic.twitter.com/5sJjjCQg4W
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
ইতিমধ্যেই কমনওয়েলথ থেকে ৫টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। নীরজ-সহ ভারতীয় অ্যাথলিটদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শেয়ার
লিংক



