চারধাম যাত্রায় তুলকালাম! পার্কিং বিতর্কে তলোয়ার উঁচিয়ে স্থানীয়দের ওপর হামলা শিখ পুণ্যার্থীদের, আহত ৮

সবদিক নিউজ: চারধাম যাত্রাপথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কয়েকজন তীর্থযাত্রীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার সকালে কর্ণপ্রয়াগ এলাকায় পার্কিং ঘিরে বচসা থেকে পরিস্থিতি হঠাৎই গুরুতর আকার নেয়। অভিযোগ, কথা কাটাকাটির জেরে তলোয়ার হাতে স্থানীয়দের উপর হামলা চালান কয়েকজন শিখ পুণ্যার্থী। ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত বদ্রীনাথ হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল ১০টা নাগাদ হেমকুন্ড দর্শন সেরে চারজন শিখ তীর্থযাত্রী কর্ণপ্রয়াগে থামেন। সেখানে একটি হোটেলের সামনে বাইক পার্কিং নিয়ে হোটেল মালিকের সঙ্গে তাঁদের বচসা বাধে। অভিযোগ, সেই সময় হোটেল মালিকের ছেলের উপর তলোয়ার নিয়ে হামলা চালান এক যুবক। হামলায় তাঁর মাথা, কোমর ও হাতে গুরুতর চোট লাগে।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হামলার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁদের আটকানোর চেষ্টা করেন। সেই সময় ফের তলোয়ার নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে আরও কয়েকজন গ্রামবাসী আহত হন। পরে তিনজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁকে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে কর্ণপ্রয়াগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গৌচর এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।এদিকে এই সংঘর্ষের জেরে সকাল ১০টা থেকে বদ্রীনাথ হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়। ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। সাময়িকভাবে প্রভাবিত হয় বদ্রীনাথ যাত্রাও। বহু পুণ্যার্থী আটকে পড়েন রাস্তায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তীর্থযাত্রীদের অস্ত্র বহন নিষিদ্ধ করতে হবে। তাঁদের অভিযোগ, ধর্মীয় যাত্রার নামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হয়েছেন। অবরোধ তুলে নেওয়ার জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে এই ঘটনার পর চারধাম যাত্রাপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।



