0%

টুটুহীন ময়দান, শ্রদ্ধা জানিয়ে বৈঠক স্থগিত রাখল সিএবি, শোকজ্ঞাপন ত্রিপুরা ফুটবল সংস্থারও

এক বটবৃক্ষের ছায়া হারিয়েছে ময়দান। প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস। যিনি টুটু বোস নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপের ম্যাচেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে মোহনবাগান বনাম টাউন ক্লাবের ম্যাচের শুরুতে প্রয়াত টুটু বোসের জন্য নীরবতা পালন করেন ক্রিকেটাররা। এবার শ্রদ্ধা জানিয়ে বুধবারের নির্ধারিত অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

এই বিষয়ে আরও খবর

বুধবার সন্ধ্যা ৬টায় বৈঠক হওয়ার কথা ছিল সিএবি’র। তবে টুটুবাবুর প্রয়াণের খবর সামনে আসার পরই সেই বৈঠক একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিএবি’র সম্পাদক বাবলু কোলে এদিন একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানান, ‘ক্রীড়াজগতের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব স্বপনসাধন বসুর প্রয়াণে বুধবারের অ্যাপেক্স কাউন্সিল বৈঠক স্থগিত রাখা হচ্ছে।’

নতুন সূচি অনুযায়ী, ওই বৈঠক বৃহস্পতিবার, ১৪ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সিএবি’র সমস্ত অ্যাপেক্স কাউন্সিল সদস্যদের এই পরিবর্তিত সূচির কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে জানানো হয়েছে, বৈঠকের দিন পরিবর্তনের ফলে সদস্যদের কোনও অসুবিধা হয়ে থাকলে তার জন্য দুঃখিত সিএবি কর্তৃপক্ষ।

এছাড়াও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও টুটু বোসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংস্থার সভাপতি প্রণব সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বের মৃত্যুতে তারা অত্যন্ত মর্মাহত। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।

টুটু বোসের প্রয়াণে শুধু ফুটবল মহল বা ক্রীড়া প্রশাসনই নয়, গোটা বাংলা ক্রীড়াজগতেই নেমে এসেছে গভীর শোকের আবহ। ‘মোহনবাগান রত্ন’-কে শেষবার শ্রদ্ধা জানাতে ময়দানে নামে অসংখ্য সমর্থক ও শুভানুধ্যায়ীর ঢল।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker