তৃণমূল জমানার ‘ভুতুড়ে’ উপভোক্তা ছাঁটতে অনড় সরকার! পুরুষদের বিধবা ভাতা দেওয়ার অভিযোগ শুভেন্দুর

সবদিক নিউজ: সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছয়, সেই লক্ষ্যেই এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন, সামাজিক প্রকল্পে আর কোনও মধ্যস্বত্বভোগী বা ভুয়ো উপভোক্তার জায়গা থাকবে না। সাধারণ মানুষকে সশরীরে শিবিরে এসে তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে একাধিক সরকারি প্রকল্প চালু থাকলেও অনেক ক্ষেত্রেই প্রকৃত প্রাপকেরা সুবিধা পাননি। তার বদলে ভুয়ো অ্যাকাউন্ট, অযোগ্য ব্যক্তি এবং অসাধু চক্রের মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার হয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, মৃত ব্যক্তি, অভারতীয়, এমনকি পুরুষদের নামেও এই প্রকল্পের টাকা গিয়েছে। তাঁর অভিযোগ, কোথাও কোথাও পুরুষদের বিধবা ভাতাও দেওয়া হয়েছে। ডোমকলের একটি ব্লকেই সাড়ে তিন হাজার ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলেও দাবি করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১১০০টি জায়গায় ‘জনকল্যাণ শিবির’ হচ্ছে। এই শিবিরগুলির মাধ্যমে রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে তার আগে স্বচ্ছ উপভোক্তা তালিকা তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য। শুভেন্দু বলেন, সরকারি সাহায্য যেন কোনও অনুপ্রবেশকারী বা অযোগ্য ব্যক্তির হাতে না যায়, তা নিশ্চিত করতেই তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। তাঁর কথায়, “আমরা চাই প্রকৃত মানুষ সামাজিক প্রকল্পের সুযোগ পান। কোথাও কোনও দালাল বা মধ্যস্বত্বভোগী থাকবে না। আপনারা সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করব।” একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা নিয়মিত শিশুদের টিকাকরণ করান না বা নাগরিকতার মানদণ্ডে প্রশ্ন রয়েছে, তাঁরা কীভাবে সরকারি সুবিধা পাবেন?
আগামী দিনের প্রকল্প নিয়েও এদিন একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকবে। সমীক্ষায় কোনও বেনিয়ম হলে সরকারের টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থাও করা হবে। এর পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে দেওয়া, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং জুলাই মাস থেকে আয়ুষ্মান কার্ড চালুর কথাও জানান শুভেন্দু অধিকারী। তিনি ইঙ্গিত দেন, ২২ জুনের বাজেটেও রাজ্যের মানুষের জন্য বিশেষ চমক থাকতে পারে। কর্মসংস্থান বৃদ্ধি এবং ছোট ব্যবসার উন্নতির জন্য ঋণ সহায়তার ব্যবস্থাও আগামী দিনে করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।



