দীর্ঘ বিরতির ঘোষণা, হাসপাতালে জাকির খানের ভিডিও ভাইরাল

জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেতা জাকির খান (Zakir Khan) সম্প্রতি স্বাস্থ্যজনিত কারণে বিরতি নেওয়ার ঘোষণা করার কয়েক সপ্তাহ পর তাঁকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখা গেল। তাঁর ভাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরবাজ খানের এক ভ্লগে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরকে দেখা গিয়েছে। ভিডিওতে তাঁকে রোগীর পোশাকে দেখা গেলেও তিনি বেশ ভালো মেজাজেই ছিলেন এবং হাসপাতালের বিলাসবহুল স্যুটে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করছিলেন।
শনিবার ইনস্টাগ্রামে রমজান ভ্লগ শেয়ার করেন আরবাজ। সেখানে তিনি জানান, সেদিন শরীর ভালো না থাকায় দিনের বেশিরভাগ সময় তিনি কিছুই রেকর্ড করতে পারেননি। পরে দেখা যায়, সময়মতো বাড়ি ফিরতে না পারায় তিনি KFC-এ গিয়ে চিকেন নাগেটস খেয়ে রোজা ভাঙছেন।
ভ্লগে এরপর তিনি দেখান সেই বিলাসবহুল হাসপাতাল কক্ষ, যেখানে জাকির ভর্তি ছিলেন। আরবাজ মজা করে বলেন, ঘরটি “পাঁচতারা হোটেলের কক্ষের চেয়ে কম নয়।” সেখানে জাকির খেলা দেখছিলেন। আরবাজ জিজ্ঞেস করেন, “তুমি ঠিক আছ তো?” জবাবে জাকির হাসিমুখে ‘পিস’ সাইন দেখিয়ে বলেন, “ম্যাচটা এখন খুব টানটান অবস্থায় আছে।”
ভ্লগে আরও দেখা যায়, আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা ও তাঁর স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা জোশি হাসপাতালে এসে জাকিরের সঙ্গে দেখা করছেন। এই দম্পতির সংগ্রামী জীবনের গল্প থেকেই তৈরি হয়েছিল 12th Fail সিনেমাটি, যা পরিচালনা করেছিলেন বিদু বিনোদ চোপড়া। ছবিতে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি ও মেধা শংকর।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া, জেনে নিন কখন কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং ও টিভি সম্প্রচার
তবে ভ্লগে দেখানো ঘটনাগুলো ৫ মার্চের বলে মনে করা হচ্ছে, অর্থাৎ প্রায় ১০ দিন আগের। তাই এখনও নিশ্চিত নয় যে জাকির খান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কি না। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার নির্দিষ্ট কারণও স্পষ্ট নয়।
গত মাসে হায়দরাবাদের এক শোতে জাকির জানান, দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যাচ্ছেন। তিনি বলেন, “আমি অনেকদিনের জন্য বিরতি নিচ্ছি, সম্ভবত ২০২৮–২৯ বা এমনকি ২০৩০ পর্যন্ত। তিন-চার বা পাঁচ বছরের এই বিরতি নেব নিজের স্বাস্থ্য এবং কিছু ব্যক্তিগত বিষয় গুছিয়ে নেওয়ার জন্য।”
আরও পড়ুন: ‘সব গসিপ কোয়েলের সঙ্গেই করি’, দেবের মুখেই ফাঁস টলিউডের প্রিয় বন্ধুত্বের গল্প
তবে পরে তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে যে খবর ছড়িয়েছিল, তা অস্বীকার করেন জাকির। মুম্বইয়ে Spoken Fest-এ উপস্থিত হয়ে তিনি বলেন, “আমার শরীর একটু খারাপ, খুব খারাপ নয়। ইন্টারনেটে যা পড়েছেন, তার অনেকটাই ভুল। এসব অপ্রয়োজনীয় গুজব।”
আরও পড়ুন: দেবের উদ্যোগে স্বাস্থ্যসাথী! স্বচ্ছ প্রকল্পের প্রশংসায় সুদেষ্ণা রায়



