নাগপুরের পড়ুয়ার নিট পুনঃপরীক্ষার কেন্দ্র আবু ধাবি, অ্যাডমিট কার্ডের ভুলে চাপে এনটিএ

সবদিক নিউজ: নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষার ঠিক আগে নতুন করে বিতর্কে জড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। অ্যাডমিট কার্ডে গুরুতর ত্রুটির জেরে মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র দেখানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে। ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাঁর পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, নাগপুরের বাসিন্দা আবদুল্লা মহম্মদ তালিব পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখেন, তাঁর পরীক্ষাকেন্দ্র হিসেবে আবু ধাবির একটি কেন্দ্রের নাম উল্লেখ রয়েছে। অথচ আবেদনপত্র জমা দেওয়ার সময় তিনি পরীক্ষাকেন্দ্র হিসেবে নাগপুর, ওয়ার্ধা এবং ভান্ডারা—এই তিনটি স্থানকে পছন্দের তালিকায় রেখেছিলেন। আগের নিট পরীক্ষাতেও তাঁর কেন্দ্র ছিল নাগপুরেই।
অ্যাডমিট কার্ডে বিদেশের পরীক্ষাকেন্দ্র দেখে হতবাক হয়ে পড়ে পরিবার। পরীক্ষার্থীর দাবি, তাঁর পাসপোর্টই নেই। ফলে এত অল্প সময়ের মধ্যে বিদেশে গিয়ে পরীক্ষায় বসা কার্যত অসম্ভব। বিষয়টি সামনে আসতেই পরিবারের পক্ষ থেকে এনটিএ-র হেল্পলাইনে যোগাযোগ করা হয় এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
এনটিএ-র তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে। সংস্থা ভুল স্বীকার করে আশ্বাস দিয়েছে যে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষার্থীর জন্য নতুন অ্যাডমিট কার্ড জারি করা হবে। সূত্রের খবর, শনিবার বিকেলের মধ্যেই নাগপুরে একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করে সংশোধিত প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর ফের প্রশ্নের মুখে পড়েছে এনটিএ-র পরীক্ষাপরিচালনা ব্যবস্থা। জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে এমন গুরুতর প্রশাসনিক ভুল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা মহলের একাংশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা ড. আনিস আহমেদও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি অবিলম্বে সংশোধিত অ্যাডমিট কার্ড প্রকাশের দাবি জানিয়েছেন এবং এনটিএ-র ভূমিকার সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিতর্কের জেরে নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ২৯ জুন। পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে এনটিএ। তাতে পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। দুপুর ২টো থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।
পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে এই ধরনের ত্রুটি পরীক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও এনটিএ-র আশ্বাসে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবারের মধ্যে।



