নিউমোনিয়ায় প্রয়াত ব্রিটিশ অভিনেতা, শোকস্তব্ধ ভক্তমহল

কণ্ঠ, ব্যক্তিত্ব আর অনবদ্য অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন অ্যান্থনি হেড। ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ থেকে ‘টেড লাসো’ দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক স্মরণীয় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এই ব্রিটিশ অভিনেতা। কিন্তু সেই পরিচিত মুখ আর নেই। ৭২ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।
শুক্রবার তাঁর পরিবার এই দুঃসংবাদ জানায়। তাঁর দুই কন্যা এমিলি হেড ও ডেইজি হেড জানান, নিউমোনিয়ার জটিলতার কারণেই প্রয়াত হয়েছেন তাঁদের বাবা।
অ্যান্থনি হেডের ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ অভিনব। ১৯৮০-র দশকে ‘নেস্কাফে গোল্ড ব্লেন্ড’-এর জনপ্রিয় বিজ্ঞাপনে এক রোমান্টিক জুটির অংশ হয়ে প্রথম দর্শকদের নজরে আসেন তিনি। সেই বিজ্ঞাপনই তাঁকে এনে দেয় ঘরে ঘরে পরিচিতি। আন্তর্জাতিক খ্যাতি আসে ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ সিরিজে রুপার্ট গাইলস চরিত্রে অভিনয়ের মাধ্যমে। জ্ঞানী, সংযত ও দায়িত্বশীল এই চরিত্রে তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের প্রিয় ‘মেন্টর’। পরবর্তীতে ‘টেড লাসো’ সিরিজে রুপার্ট ম্যানিয়ন চরিত্রে এক ভিন্ন মাত্রার অভিনয় করে আবারও প্রশংসা কুড়ান তিনি।
তাঁর কন্যারা আবেগঘন বার্তায় বলেন,“তাঁর অনুপস্থিতির শূন্যতা কোনোদিন পূরণ হবে না। তবে তাঁর কাজের মধ্যেই তিনি বেঁচে থাকবেন চিরকাল। আমরা ভাগ্যবান, তাঁকে তাঁর প্রিয় কাজ করতে দেখার সুযোগ পেয়েছি।”
১৯৫৪ সালের ২০ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন অ্যান্থনি হেড। বাবা সিফিল্ড হেড ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাতা এবং মা হেলেন শিংলার ছিলেন অভিনেত্রী। অভিনয়ের জগৎ যেন তাঁর রক্তেই মিশে ছিল। বড় ভাই মারে হেডও একই পেশায় যুক্ত।
আরও পড়ুন: ‘ওরে আমার গোঁফ গিয়েছে চুরি’, স্বরূপের গ্রেপ্তারে তির্যক খোঁচা ঋদ্ধির
‘দ্য আয়রন লেডি’ ছবিতে মার্গারেট থ্যাচারের ডেপুটি জিওফ্রে হাও চরিত্রে তাঁর অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই ‘মার্লিন’-এ কিং ইউথার পেনড্রাগন বা ‘লিটল ব্রিটেন’-এ প্রধানমন্ত্রীর ভূমিকাতেও তিনি রেখে গেছেন নিজের ছাপ। পাশাপাশি ‘মাদারল্যান্ড’, ‘ম্যানচাইল্ড’ ও ‘সাইলেন্ট উইটনেস’-এও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
শুধু অভিনয়ই নয়, মঞ্চ, মিউজিক্যাল এবং সংগীত জগতেও সমান দক্ষ ছিলেন অ্যান্থনি হেড। ব্যক্তিগত জীবনে তাঁর দীর্ঘদিনের সঙ্গী, পশু-কল্যাণকর্মী সারা ফিশার, ২০২৫ সালেই প্রয়াত হন। তাঁর মৃত্যুর এক বছরের মধ্যেই চিরবিদায় নিলেন এই প্রখ্যাত অভিনেতা। অ্যান্থনি হেড নেই, কিন্তু তাঁর কণ্ঠ, তাঁর অভিনয় আর তাঁর সৃষ্টি সবই থেকে যাবে দর্শকের মনে, সময়ের সীমানা পেরিয়ে।
আরও পড়ুন: ‘অন্যকে নয়, আগে নিজেকে বদলান’, বিশ্ব পরিবেশ দিবসে শুভশ্রীর বার্তা



