নিশ্চিন্তে রাতজেগে দেখুন বিশ্বকাপ, ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে বিশেষ ছুটি ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ মাঝরাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) এর ফাইনাল। আর্জেন্টিনা ও স্পেনের (Spain vs Argenitna) হাড্ডাহাডি লড়াই দেখতে রীতিমত উত্তেজনার শীর্যে বাংলা তথা গোটা দেশের ফুটবলপ্রেমীরা। এবার সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। আগামীকাল অর্থাৎ সোমবার সকালে স্কুল থাকলে উপস্থিতির ক্ষেত্রে ছাড় কিংবা ছুটি ঘোষণার অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ বিকাশ ভবনের।
বিশ্বকাপের আবহে উপস্থিতিতে ছাড় বা ছুটি ঘোষণা স্কুলে
রবিবার মাঝরাত্রি পেরিয়ে সোমবার ২০ই জুলাই ১২টা বেজে ৩০ মিনিটে শুরু হবে স্পেন বনাম আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। সেক্ষেত্রে অনেকেই রাত জেগে ম্যাচ দেখবে এটা আলাদা করে বলার কিছুই নেই। এমতাবস্থায় পরের দিন মর্নিং স্কুল থাকলে সেটা বেশ কষ্টকর হতে পারে। ফুটবলপ্রেমী ছাত্রছাত্রীদের কথা ভেবে তাই বিশেষ ঘোষণা এল বিকাশ ভবন থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাইলে স্কুল কর্তৃপক্ষ মর্নিং স্কুলের ক্ষেত্রে উপস্থিতিতে শিথিলতা কিংবা ছুটি ঘোষণা করতে পারে।

অর্থাৎ যে সমস্ত স্কুলে সকালে বা ভোরবেলায় ক্লাস হয় তারা চাইলে ছুটি ঘোষণা করতে পারেন। কিংবা পড়ুয়ারা উপস্থিত না থাকলেও তাদের এর জন্য আলাদা করে কোনো কারণ দেখানোর বাধ্যবাধকতা থাকবে না। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি সমস্ত স্কুলের প্রধান বা দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি বাংলার আমজনতা থেকে শুরু করে ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুনঃ দানের রক্ত বেচে কোটি কোটি টাকার আয়! বড় দুর্নীতির হদিশ কলকাতার ৭ ব্লাড ব্যাঙ্কে
আসলে প্রতি চার বছর অন্তর এই বিশ্বকাপের আয়োজন হয়। ভারত তো বটেই, গোটা বিশ্বের জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অন্যতম একটি হল ফিফা ওয়ার্ল্ড কাপ। তার উপর এবছর ফাইনালে রয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ও স্পেন। সেই কারণেই সপ্তাহের প্রথমদিনে স্কুলে উপস্থিতির নিয়ম কিছুটা শিথিল করা হল। এতে যে শুধু পড়ুয়ারা খুশি তা কিন্তু নয়, বহু বাবা-মায়েরাও বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন।
প্রসঙ্গত, শুধুমাত্র বাংলায় যে এমনটা হচ্ছে তা কিন্তু মোটেই না। সোমবার ২০ই জুলাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে কেরলের সরকার। রবিবারই কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন রাজ্যের স্কুল-কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানান। তবে যে সমস্ত জায়গায় পরীক্ষার দিন নির্ধারিত হয়ে রয়েছে আগে থেকেই এই দিনে সেগুলি খোলা থাকবে। এরপর বাংলাও সেই পথে পা দিল।




