0%

পারফরম্যান্স নয়, টি-টোয়েন্টি দল থেকে অন্য কারণে বাদ শুভমান! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

জাতীয় দলের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক তিনি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের প্রাথমিক স্কোয়াডেও ডাকা হয় না শুভমান গিলকে। সদ্যসমাপ্ত আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সিতে সাতশোরও বেশি রান করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঞ্জাব দা পুত্তর রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রশ্ন উঠছে, আইপিএলে এত ভালো পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী। তাহলে টি-২০ দলে শুভমান কেন ব্রাত্য?

গতবছর পর্যন্ত ভারতের জার্সিতে টি-২০ খেলেছেন শুভমান। এশিয়া কাপে সহ অধিনায়কও ছিলেন তিনি। কিন্তু একেবারেই জ্বলে উঠতে পারছিলেন না। অন্যদিকে সঞ্জু স্যামসন, ঈশান কিষানরা একের পর এক ভালো ইনিংস খেলছিলেন। ফলে টি-২০ বিশ্বকাপের দল থেকেই বাদ পড়ে যান শুভমান। তার আগে-পরেও আর ডাক পাননি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। দিনকয়েক আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়েছে। বেছে নেওয়া হয়েছে এশিয়ান গেমসের দলও। কিন্তু সেখানে শুভমানের জায়গা হয়নি।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে হইচই ফেলে দিয়েছে ১৫ বছরের কিশোর বৈভব। কিন্তু ক্রিকেটমহলের অনেকেরই প্রশ্ন ছিল, আইপিএলে একইরকম ভালো পারফর্ম করেছেন শুভমান সেটাও নেতৃত্বের দায়িত্ব সামলে। তাহলে তাঁকে কেন ডাকা হবে না জাতীয় দলে? সেই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি। তবে বোর্ড সূত্রের এক চমকপ্রদ রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, টি-২০ দল থেকে গিলের বাদ পড়ার প্রধান কারণ মোটেই পারফরম্যান্স নয়। নেপথ্যে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

সূত্রের খবর, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গিলকে বোর্ডের তরফ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়টুকু গিলকে বলা হয়েছে তিনি যেন টেস্ট এবং ওয়ানডে’তেই মন দেন। কারণ এই সময়টা তিন ফরম্যাট খেলতে গেলে ফিট থাকা খুবই কঠিন। শুভমান অন্তত ৯টি টেস্ট এবং ৩৫টি ওয়ানডে’তে নেতৃত্বও দেবেন এই সময়টা। তাই টি-২০ থেকে তিনি আপাতত বিশ্রামে। তবে বছরদুয়েক পরে গিলের জন্য টি-২০ ক্রিকেটের দরজা খুলতে পারে। সেবছর টি-২০ বিশ্বকাপ এবং অলিম্পিক রয়েছে। সেখানে ভারতীয় দলে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’কে।

 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker