0%

যোগরাজ সিংয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর, আচমকা কোন বিতর্কে জড়ালেন যুবির বাবা?

এবার আইনি জালে জড়িয়ে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা তথা যোগরাজ সিং। ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘লুকখে’র একটি দৃশ্য ঘিরেই সমাজমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। নারীসমাজের উদ্দেশে তাঁর একটি সংলাপকে কেন্দ্র করেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। আর সেই বিতর্কের জল এবার গড়াল থানা পর্যন্ত। চণ্ডীগড়ের সেক্টর ৩৬ থানায় ইতিমধ্যেই যোগরাজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬২এ ধারায় রুজু হয়েছে মামলা। ডিজিটাল মাধ্যমে নারীর সম্মানহানি এবং হেনস্তার অপরাধেই মূলত এই ধারাগুলি প্রয়োগ করা হয়।

আদালতের এক আইনজীবী উজ্জ্বল ভাসিন এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, আজকের দিনে নারীরা ঘরের কাজ সামলে বাইরের জগতেও সমান অবদান রাখছেন। মা, বোন, স্ত্রী কিংবা কন্যা— প্রত্যেকের পরিশ্রমেই সংসার চলছে। এমন আবহে স্বনির্ভর নারীদের নিয়ে এই সিরিজে অভিনয় করা যোগরাজের ‘আপত্তিকর’ মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক। শুধু তাই নয়, সিরিজে পুলিশের উর্দি পরে থাকা অভিনেতাদের আচরণ এবং অভিনেত্রী রাশি খান্নার চরিত্রের নামকরণ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখে মহিলা কমিশনকেও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ওই আইনজীবী। চণ্ডীগড়ের পুলিশ সুপার স্বয়ং একজন নারী হওয়ায়, এই বিষয়ে দ্রুত এবং কড়া পদক্ষেপের আশা রাখছেন অভিযোগকারী। পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

আমাজন প্রাইম ভিডিওর এই নতুন সিরিজটিতে রাশি খান্না ছাড়াও অভিনয় করেছেন পালক তিওয়ারি, শিবাঙ্কিত সিং পরিহার এবং গায়ক কিং। সিরিজে রাশিকে দেখা যাচ্ছে পুলিশ অফিসার গুরবানির ভূমিকায়, আর যোগরাজ রয়েছেন ওয়ালিয়া সাহেবের চরিত্রে। পর্দায় এক পুরুষ পুলিশ কর্মীর সঙ্গে কথোপকথনের সময়েই নারীদের নিয়ে ওই বিতর্কিত মন্তব্যটি করেন যোগরাজ, যা এখন সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়াচ্ছে। নেটিজেনদের একাংশ এই নিয়ে বেজায় চটেছেন। তবে আইনি নোটিস কিংবা নেটপাড়ার এই তুমুল ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন যোগরাজ সিং নিজে। সিরিজের নির্মাতারাও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এই আইনি জটিলতার জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker