১২.৫০ লক্ষের প্রশ্নে মাথায় হাত! মহাত্মা গান্ধীকে নিয়ে প্রশ্নে কী করলেন অসমিতা-শর্মিলা?

অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (KBC 18)-এর বিশেষ পর্বে এবার হট সিটে দেখা গেল দেশের চার কৃতী ক্রীড়াবিদকে। জুডো খেলোয়াড় অসমিতা দে, শটপুট প্যারা-অ্যাথলিট শর্মিলা ধানকর, বক্সার লাভলিনা বরগোঁহাই এবং প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমারকে। প্রথম পর্বে খেলেন লাভলিনা ও ঝান্ডু, পরের পর্বে মাঠে নামেন অসমিতা ও শর্মিলা। তবে ১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রশ্নেই বেশ বেকায়দায় পড়েন তাঁরা।
খেলা যত এগোয়, আত্মবিশ্বাসের সঙ্গেই একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অসমিতা ও শর্মিলা। ১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রশ্নের আগে পর্যন্ত তাঁরা মাত্র একটি লাইফলাইন ব্যবহার করেছিলেন। কিন্তু এরপরই আসে এমন একটি প্রশ্ন, যার উত্তর নিয়ে দু’জনেই সংশয়ে পড়ে যান।
প্রশ্নটি ছিল, “১৮৮৭ সালে মহাত্মা গান্ধী কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন?”
বিকল্পে ছিল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ বম্বে এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। প্রশ্ন শুনে শর্মিলার মনে হয়েছিল, উত্তর সম্ভবত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। কিন্তু নিশ্চিত না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা ‘মহা ফ্লিপ’ লাইফলাইন ব্যবহার করার সিদ্ধান্ত নেন।
এই লাইফলাইনে প্রতিযোগীদের সামনে দুটি প্রশ্ন দেওয়া হয়। তাঁদের পছন্দের প্রশ্নটি বেছে নেওয়ার পর চারটি অপশন থেকে উত্তর দিতে হয়। অসমিতা ও শর্মিলার সামনে আসা দ্বিতীয় প্রশ্নটি ছিল অলিস্টার ম্যাককাওয়ের দুটি বইয়ের নাম নিয়ে। ‘Habits that make a ’ এবং ‘ Minded’ দুটি শিরোনামের ফাঁকা জায়গায় কোন শব্দটি বসবে? বিকল্প ছিল Follower, Leader, Warrior এবং Champion।
আরও পড়ুন: ৫১ বছরের সফর! ‘ধর্মণ’-এর সেটে রজনীকান্তের বিশেষ উদযাপন
এবার অবশ্য একটুও দেরি করেননি অসমিতা। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি উত্তর দেন ‘Champion’। তাঁর উত্তর সঠিক হয় এবং দু’জনে জিতে নেন ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে সেই প্রশ্নের পরই তাঁদের খেলা শেষ হয়ে যায়।
অন্যদিকে, মহাত্মা গান্ধীকে নিয়ে ১২.৫০ লক্ষ টাকার প্রশ্নটির সঠিক উত্তর ছিল ইউনিভার্সিটি অফ বম্বে। ইতিহাস বলছে, গান্ধী ভাভনগরের সামলদাস কলেজ থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছিলেন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সেই সময় ইউনিভার্সিটি অফ বম্বের অধিভুক্ত ছিল। সেই কারণেই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে ‘ইউনিভার্সিটি অফ বম্বে’ ধরা হয়।
আরও পড়ুন: সলমনের আঁকা ছবি থেকে পদ্মশ্রী, সানিয়ার দুবাইয়ের বাড়ি যেন স্বপ্নের রাজপ্রাসাদ!
সামলদাস কলেজের পড়াশোনা শেষ করার পর ১৮৮৮ সালে আইন পড়তে লন্ডনে পাড়ি দেন মহাত্মা গান্ধী। ১৮৯১ সালে ভারতে ফিরে আসার পর পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। ‘KBC 18’-এর এই প্রশ্ন তাই শুধু প্রতিযোগীদেরই নয়, দর্শকদের কাছেও হয়ে উঠেছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ।



