0%

৫ মন্ত্রী-সহ ব্রিগেডে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং একাধিক বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। গেরুয়া পতাকা ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা ব্রিগেড চত্বর।

শুভেন্দুর মন্ত্রিসভায় প্রথম দফায় পাঁচ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন নতুন মন্ত্রীরা।

গত ৪ মে ভোটের ফল ঘোষণার পর থেকেই বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা চলছিল। বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনী প্রচারে বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার জানিয়েছিল, বাংলারই কোনও ভূমিপুত্র এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে।

শুভেন্দু অধিকারীর নাম শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ আসনে তাঁর জয়ের পর সেই জল্পনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকের পরে অমিত শাহ জানান, সব প্রস্তাবেই একমাত্র শুভেন্দুর নাম ছিল এবং দ্বিতীয় কোনও নাম ওঠেনি।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের এই মুহূর্তকে ঐতিহাসিক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন পরে বাংলায় বিজেপি সরকার গঠন করল, আর সেই সরকারের নেতৃত্বে এখন শুভেন্দু অধিকারী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker