200 crore for renovating Shyamaprasad Mukherjee’s ancestral home,125 foot statue also to be built

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটের সংস্কার করা হবে। সেই কথা বিধানসভা নির্বাচনের আগে বলাগড়ে প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্যে বিজেপির সরকার গঠনের পর বাজেটে বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ ও বাড়ির আমূল সংস্কারের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই খবরে খুশির হাওয়া এলাকায়, উচ্ছ্বসিত জিরাটের বাসিন্দারা। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের আদলে জিরাটে শ্যামাপ্রসাদের সুউচ্চ ও সুবিশাল মূর্তি এলাকার পর্যটন মানচিত্রটাই বদলে দেবে বলে আশা স্থানীয়দের।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি জিরাটের স্মৃতিমন্দির পাড়ায়। ‘বাংলার বাঘ’ আশুতোষ ও তাঁর পুত্র শ্যামাপ্রসাদের জন্ম জিরাটে না হলেও জিরাটের সঙ্গে তাঁদের আত্মিক যোগ ছিল। আশুতোষের স্মৃতিরক্ষায় জিরাটে স্কুল ও লাইব্রেরি আছে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিরক্ষায় তেমন কিছু নেই। তবে প্রয়াত রাজ্যসভার সাংসদ চন্দন মিত্র ও আইনজীবী তথা বিজেপি নেতা স্বপন পালের উদ্যোগে কয়েক বছর আগে জিরাটে তাঁর পৈতৃক বাড়িতে শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বাজেটে নতুন করে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের ঘোষণায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় রাজ্য সরকার তৎপর হতেই নতুন করে তা এলাকার সৌন্দর্যায়ন ও পর্যটনে নতুন দিশা দেখাবে বলে মনে করছে বলাগড়বাসী।
শ্যামাপ্রসাদের ভাই বামাপ্রসাদের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “নেহরুর পরিবার ক্ষমতায় থাকাকালীন নেতাজির অন্তর্ধান রহস্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য অধরাই থেকে গিয়েছে। আমার পূর্বপুরুষ আশুতোষ বা শ্যামাপ্রসাদ-কারও জন্মই জিরাটে হয়নি। তবে, আশুতোষ-সহ এই গুণিজনের পৈতৃক ভিটে হিসাবে জিরাটের গুরুত্ব রয়েছে। আমাদের ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের আর্থিক ক্ষমতা নেই। বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় এসেই যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয়। এর ফলে বলাগড়-জিরাটের সার্বিক উন্নতির পথ প্রশস্ত হবে বলে মনে করি।”
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার বলেন, “ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতার জন্মভিটে এই জিরাটে। পূর্বতন সরকার শ্যামাপ্রসাদকে নিয়ে কিছুই করেনি। ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, শ্যামাপ্রসাদের স্মৃতিসৌধ বানানো হবে। সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানোর পর শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারের জন্য বাজেটে ২০০ কোটি বরাদ্দ হয়েছে।”
শেয়ার
লিংক



