50 Rs Note Authenticity: বাজারে ঘুরছে নকল ৫০ টাকার নোট! আসল নোট কোনটা, চেনার উপায় শিখিয়ে দিল RBI

নয়া দিল্লি: বাজারে ২০০ বা ৫০০ টাকার আসল নোট (Note) যেমন আছে, তেমনই নকল নোটও (Fake Note) আছে। তবে অনেকে জানেন না যে কম মূল্যের টাকা যেমন ১০০ টাকা বা ৫০ টাকার ভুয়ো নোটও ছড়িয়ে আছে। যেহেতু এই নোটগুলি বিশেষ কেউ যাচাই করেন না, তাই নকল নোট চালিয়ে দেওয়াও সহজ। আপনার পকেটে থাকা ৫০ টাকার নোট আসল নাকি নকল, কীভাবে যাচাই করবেন?
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসল ৫০ টাকা যাচাই করার সহজ কিছু পদ্ধতি তুলে ধরেছে। এই ডিজাইনগুলি সহজে অনুকরণ করা সহজ নয়।
কীভাবে আসল ৫০ টাকার নোট চিনবেন?
- প্রতিটি নোটের নীচে, বামদিকে ৫০ সংখ্যা লেখা থাকে। এটা খালি চোখে সহজে নজরে আসে না। আলোর নীচে ধরলে, তবেই দেখা যায়।
- আসল নোটে দেবনগরী ভাষায় ৫০ লেখা থাকে।
- নোটের সামনের দিকে, একদম মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকে।
- আসল নোটের পিছনের অংশে হাম্পির স্থাপত্যের ছবি থাকে।
- আসল নোটে আরবিআই-র গ্যারান্টি, গভর্নরের স্বাক্ষর ও লোগো থাকে ডান দিকে।
- আসল নোটে উপরের দিকে, বাম দিকে নোটের সিরিয়াল নম্বর থাকে। নোটের নীচেও সিরিয়াল নম্বর থাকে।
- আসল নোটের অশোক চক্র থাকে।



