0%

‘চিত্ত যেথা ভয়শূন্য…!’, রবীন্দ্রনাথ ও স্বামীজির আদর্শে ‘সোনার বাংলা’র শপথ শুভেন্দুর

সবদিক নিউজ: “আমি নয়, আমরা”, পরিষদীয় দলনেতা তথা বাংলার হবু মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণেই স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহের উপস্থিতিতে নিজের নাম ঘোষণার পর আবেগঘন কিন্তু দৃঢ় কণ্ঠে শুভেন্দু জানিয়ে দিলেন, তাঁর সরকারের মূল মন্ত্র হবে স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি’ (এগিয়ে চলো)।

শাহের ‘চার্জশিট’ ও নতুন কমিশন

বক্তৃতার শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া প্রতিশ্রুতিগুলি মনে করিয়ে দেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানান, নির্বাচনী প্রচারে শাহ যে চার্জশিট প্রকাশ করেছিলেন, তার প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে।

  • নারী সুরক্ষা: আরজি কর থেকে সন্দেশখালি, মা-বোনদের ওপর হওয়া অত্যাচারের বিচার করতে বিশেষ কমিশন গঠন করা হবে।

  • দুর্নীতি দমন: প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সরকারি অর্থ নয়ছয়কারীদের রুখতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন বসাবে নতুন বিজেপি সরকার।

‘ডবল ইঞ্জিন’ সরকারের ডানা মেলল বাংলা

শুভেন্দু এদিন ঘোষণা করেন, উত্তরপ্রদেশ বা রাজস্থানের মতো এবার বাংলাও ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল পাবে। প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শে কেন্দ্র ও রাজ্য এবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তাঁর সাফ কথা, “মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন, তা পূরণ করার দায়িত্ব এখন আমাদের। কথা কম, কাজ বেশি, এটাই হবে আমাদের সরকারের পরিচয়।”

৬০ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা

এবারের নির্বাচনে ৪৬ শতাংশ মানুষ বিজেপিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। কিন্তু শুভেন্দু এখানেই থামতে রাজি নন। কর্মীদের উদ্দেশে তিনি সঙ্কল্প করেন, “পরের নির্বাচনে এই সমর্থন ৬০ শতাংশে নিয়ে যেতে হবে। ভয় আউট, ভরসা ইন, এই নীতিতেই মা-বোনদের পাশে টানতে হবে।”

শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা

বক্তৃতার শেষে বিজেপিকে বাংলায় এই উচ্চতায় পৌঁছে দেওয়ার কারিগরদের স্মরণ করেন শুভেন্দু। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের অবদানের কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে লড়াইয়ে প্রাণ হারানো ৩২১ জন বিজেপি কর্মীর আত্মবলিদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হবু মুখ্যমন্ত্রী। তিনি কথা দেন, মিথ্যা মামলা ও অত্যাচারের শিকার হওয়া প্রতিটি কর্মীর স্বপ্ন পূরণ করবে এই সরকার।

রবীন্দ্রনাথের ‘চিত্ত যেথা ভয়শূন্য’ উদ্ধৃত করে শুভেন্দু বার্তা দিলেন, ভয়মুক্ত সোনার বাংলা গড়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker