বালুরঘাটে বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার INTTUC নেতা, মালদা থেকে ধৃত অভিযুক্ত

সবদিক নিউজ:বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: নিজের বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র এক জেলা নেতা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২১ নম্বর ওয়ার্ডের। ধৃতের নাম আবির গোস্বামী। তিনি দক্ষিণ দিনাজপুর জেলা INTTUC-র নেতা বলে জানা গিয়েছে।দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর মঙ্গলবার মালদা থেকে তাঁকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ।
বুধবার তাঁকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টা নাগাদ আবির গোস্বামীর সঙ্গে তাঁর বাবার বচসা বাধে। অভিযোগ, সেই সময় আবির তাঁর বাবাকে ধাক্কা মেরে ফেলে দেন। এতে তাঁর বাবার মাথায় গুরুতর চোট লাগে। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মধ্যমগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের ৭ ফেব্রুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে আবার বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ কয়েক মাস তদন্ত চালানোর পর অবশেষে আত্মগোপন করে থাকা অভিযুক্তকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়।এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বিশ্বাস জানান, অভিযুক্তকে বুধবার সিজেএম আদালতে তোলা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে আদালতে মামলার বিস্তারিত তথ্য পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৯ জুলাই ২০২৬ ফের তাঁকে আদালতে তোলা হবে।



