তামিলনাড়ু বিধানসভায় বাদানুবাদের মাঝেই স্ট্যালিনের ভঙ্গি অনুকরণ বিজয়ের

সবদিক নিউজ: তামিলনাড়ু বিধানসভায় মঙ্গলবার রাজনৈতিক উত্তেজনার আবহে ফের আলোচনায় উঠে এল ডিএমকে নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের একটি পুরনো হাতের ভঙ্গি। বর্তমান মুখ্যমন্ত্রী তথা টিভিকে নেতা ‘তলপতি’ বিজয় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় স্ট্যালিনের সেই বহুল আলোচিত ভঙ্গির অনুকরণ করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনার সময় ডিএমকে এবং টিভিকে-র বিধায়কদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, বিজয়ের বক্তব্যের সময় বারবার বাধা দেন ডিএমকে বিধায়কেরা। পাল্টা টিভিকে বিধায়কেরাও স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে বিধানসভার স্পিকার জেসিডি প্রভাকর সকলকে শান্ত থাকার আবেদন জানান এবং মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করতে দেওয়ার অনুরোধ করেন। তবে তাতেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন ডিএমকে বিধায়কেরা।
এদিন ভাষণে তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাক্তন ডিএমকে সরকারকে কড়া আক্রমণ শানান বিজয়। তিনি বলেন, নারী সুরক্ষা এবং মাদক দমনে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি দাবি করেন, এই সমস্যাগুলি দীর্ঘদিন ধরেই রাজ্যে বিদ্যমান এবং এখন সময় এসেছে সেগুলির স্থায়ী সমাধান করার।
বক্তৃতার মাঝেই বিজয় একটি বিশেষ হাতের ভঙ্গি করেন, যেখানে তিনি গলার এক পাশ থেকে অন্য পাশে হাত আড়াআড়িভাবে নিয়ে যান। এই ভঙ্গি দেখেই অনেকের মনে পড়ে যায় গত মার্চ মাসে এম কে স্ট্যালিনের করা একই ধরনের অঙ্গভঙ্গির কথা। সে সময় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে ওই হাতের ভঙ্গি করেছিলেন স্ট্যালিন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজয় ইচ্ছাকৃতভাবেই স্ট্যালিনের সেই ভাইরাল ভঙ্গির অনুকরণ করেছেন। যদিও এই অঙ্গভঙ্গির মাধ্যমে মুখ্যমন্ত্রী ঠিক কী বার্তা দিতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।



