0%

‘আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’, বিশ্বকাপে ভোগান্তি নিয়ে ফিফাকে তোপ ইরান অধিনায়কের

বিশ্বকাপে তিন ম্যাচেই ড্র করেছে দল। অনিশ্চয়তায় ঝুলছে ইরানের ভাগ্য। এর মধ্যেই ফিফা ও সংস্থার সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তোপ দাগলেন অধিনায়ক মেহদি তারেমি ও কোচ আমির ঘালেনোই। তাঁদের অভিযোগ, ফিফার অব্যবস্থাপনার জন্যই বিশ্বকাপে চরম ভোগান্তির শিকার হয়েছে ইরান।

শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তাদের পরের পর্বে ওঠা নির্ভর করছে অন্য ম্যাচের ফলের উপর। ম্যাচ শেষে সিয়াটলের ড্রেসিংরুমে দীর্ঘ বার্তা লিখে রেখে যায় ইরান দল। সেখানে লেখা ছিল, ‘আমরা ইরান থেকে এসেছি। একটি দেশ, যা হাজার বছর ধরে জয়ের চেয়ে সম্মানকে উপরে রেখেছে। আমাদের কাছে ফুটবল শুধু একটি প্রতিযোগিতা নয়, চরিত্রের দৃঢ়তার পরীক্ষা। পয়েন্ট বিভিন্নভাবে জেতা যায়। কিন্তু সম্মান অর্জন করা যায় না। একটি দল গ্রুপ পর্ব পেরতে পারে। কিন্তু স্বচ্ছতা ও সম্মান থাকলে ইতিহাসের সামনেও মাথা উঁচু করে দাঁড়ানো যায়। ফেয়ার প্লে শুধু শব্দবন্ধই নয়, এটাই ফুটবলের আত্মা। ধন্যবাদ সিয়াটল, তোমাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। ধন্যবাদ সব ইরানীয় সমর্থককে, যাঁরা হৃদয় দিয়ে আমাদের পাশে থেকেছেন এবং দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন।’

বিশ্বকাপে দ্বিতীয়বার সাজঘরে বার্তা রেখে গেল ইরান। এর আগে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরও সাজঘরে বার্তা লিখে রেখেছিল দলটি। ম্যাচের পর অধিনায়ক মেহদি তারেমি বলেন, “খুবই হতাশাজনক বিশ্বকাপ। ফিফা সব সমস্যার সমাধান করে। কিন্তু শুরু থেকেই আমাদের সমস্যার কোনও সমাধান করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর মিস্টার ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে বলেছিলেন, ‘সবে শুরু হয়েছে।’ অথচ গ্রুপ পর্বই শেষ হয়ে গেল, এখনও কিছুই বদলাল না।”

ইরানের অভিযোগ, তাদের অনেক সাপোর্ট স্টাফ আমেরিকায় ভিসা না পাওয়ায় দলের সঙ্গে থাকতে পারেননি। ফলে বিরূপ পরিস্থিতিতে খেলতে হয়েছে ফুটবলারদের। তারেমি বলেন, “আমাদের যাতায়াত ও দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাই এখানে নেই। তাঁদের ভিসা দেওয়া হয়নি। প্রতিদিন তিজুয়ানায় যাতায়াত করা সম্ভব নয়। আমরা তিজুয়ানার মানুষকে ভালোবাসি। মেক্সিকোকেও ভালোবাসি। কিন্তু পেশাদার টুর্নামেন্টের একজন পেশাদার ফুটবলার হিসাবে বলছি, এভাবে আয়োজন হওয়া ঠিক হয়নি।”

তিনি আরও বলেন, “যদি ওরা আমাদের ছিটকে দিতে চায়, তাহলে দিক। কিন্তু এভাবে নয়। রিকভারি ও যাতায়াতের সঙ্গে যুক্ত মানুষগুলো আমাদের পাশে নেই। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।” একই সুর শোনা গিয়েছে কোচ আমির ঘালেনোইয়ের গলাতেও। তিনি বলেন, “আয়োজক দেশ আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। যদি আমাদের দু’সপ্তাহ আগে আসার অনুমতি দেওয়া হত, তাহলে শারীরিক ও মানসিকভাবে আমরা অনেক ভালো অবস্থায় থাকতে পারতাম। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। ফিফার কাছে অনুরোধ, ভবিষ্যতে আর কোনও দলের সঙ্গে যেন এমন আচরণ না করা হয়।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker