বিদেশের বাজার কাঁপাতে পারে বাংলার আম! মন্ত্রী দিলীপের এক ঘোষণায় খুশিতে ডগমগ চাষিরা

বাংলা হান্ট ডেস্কঃ গ্রীষ্মকাল মানেই আমের সিজন। এই সময়টা হিমসাগর, ফজলি, ল্যাংরার স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করেন রাজ্যবাসী। এবার সেই দেশি আমের রফতানিতে জোর দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি নিউটাউনে আয়োজিত আম বাহার উৎসবে (Aam Bahar Festival) যোগ দিয়ে একথা বলেন তিনি।
দিলীপের ঘোষণায় আশার আলো দেখছেন আমচাষিরা | (Dilip Ghosh)
নিউটাউনের জৈবহাটে সরকারি আম উৎসব ‘আম বাহার- বেঙ্গল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং কৃষি বিপণন দফতরের যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজিত হয়েছে। উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ। সেখান থেকেই বড় বার্তা দেন তিনি।
আরও পড়ুনঃ স্বস্তিতে শুভেন্দু! তৃণমূল আমলে করা মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
আম বাহার উৎসবে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, রাজ্যের দেশীয় আমের গুণগত মান অত্যন্ত ভাল। তবে চাষিদের আধুনিক প্রযুক্তি ও সংরক্ষণ ব্যবস্থার বিষয়ে আরও প্রশিক্ষণ দেওয়া দরকার। যাতে আন্তর্জাতিক বাজারে বাংলার আম আরও বেশি করে রফতানি করা যায়। উদ্যাপালন দফতর ও এগ্রো মার্কেটিং এই লক্ষ্যে যৌথভাবে কাজ করবে।
আম বাহার উৎসব উদ্বোধনের সময় কৃষি বিপণন মন্ত্রী দিলীপের পাশাপাশি উদ্যানপালন দফতরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী সহ আরও নানা আধিকারিকরা উপস্থিত ছিলেন। উৎসব উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। দেশি-বিদেশি বিভিন্ন ধরণের আমের স্বাদ নিতেও দেখা যায় তাঁকে।

জানা গিয়েছে, এই সরকারি আম উৎসব আগামী ৫ জুলাই অবধি চলবে। এখানে বাংলার নানা ঐতিহ্যবাহী আমের পাশাপাশি থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়ার মতো বিভিন্ন দেশের নানা প্রজাতির আম প্রদর্শিত হচ্ছে। একইসঙ্গে আম দিয়ে তৈরি বিভিন্ন খাবার জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। সেই তালিকায় রয়েছে আম দিয়ে তৈরি মিষ্টি, আচার, দই, জ্যাম সহ আরও নানা জিনিস। এই আম বাহার উৎসব ঘিরে আমপ্রেমী তথা খাদ্যরসিক মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।




