টাটা ট্রাস্টস থেকে আগেই অপসারিত! এবার ফ্যামিলি অফিস থেকে ইস্তফা রতন টাটার ঘনিষ্ঠ সহযোগীর

সবদিক নিউজ: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রয়াত রতন টাটার (Ratan Tata) ঘনিষ্ঠ সহযোগী মেহলি মিস্ত্রি (Mehli Mistry) আরএনটি অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ৩ বছরেরও কিছু বেশি সময় আগে এই ফ্যামিলি অফিসের বোর্ডে যোগ দিয়েছিলেন। যেখানে টাটা পরিবারের দুই বোনও রয়েছেন। এদিকে, ২০২৫ সালের নভেম্বরে টাটা ট্রাস্টস (Tata Trusts) থেকে অপসারিত হওয়ার পর এবার আরএনটি অ্যাসোসিয়েটস থেকেও মেহলি মিস্ত্রি ইস্তফা দিলেন। জানিয়ে রাখি যে, টাটা ট্রাস্টস হল এমন চ্যারিটেবল সংস্থা যেটি গ্রুপটির হোল্ডিং কোম্পানি টাটা সন্স-এর মালিক।
ফ্যামিলি অফিস থেকে ইস্তফা দিলেন রতন টাটার (Ratan Tatal) ঘনিষ্ঠ সহযোগী মেহলি মিস্ত্রি:
এদিকে, এই ঘটনাগুলি টাটা গ্রুপ এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলি থেকে মেহলি মিস্ত্রির বিচ্ছিন্ন হয়ে যাবার বিষয়টি নিশ্চিত করে। আগামী ৩০ জুন আরএনটি অ্যাসোসিয়েটসের বোর্ড অফ ডাইরেক্টরর্সকে লেখা এক চিঠিতে মেহলি মিস্ত্রি বলেন, ‘অন্যান্য দায়িত্বে ব্যস্ত থাকার কারণে আমি আরএনটি অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর পদ থেকে পদত্যাগ করছি। যা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে।’ উল্লেখ্য যে, মেহলি মিস্ত্রি ২০২৩ সালের মার্চ মাসে আরএনটি অ্যাসোসিয়েটসের বোর্ডে যোগদান করেন। তিনি দীর্ঘদিন ধরে রতন টাটার বিশ্বস্ত উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী হিসাবে বিবেচিত হয়েছিলেন।
টাটা ট্রাস্টস থেকে তাঁর প্রস্থানের পর এই সিদ্ধান্তটি এসেছে: টাটা ট্রাস্টস থেকে বেরিয়ে আসার পরেই মেহলি মিস্ত্রি আরএনটি অ্যাসোসিয়েটস থেকেও বেরিয়ে এলেন। ২০২৫-এর অক্টোবরে তাঁর কার্যকাল রিনিউয়াল না হওয়ায় তিনি স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্ট থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরপরে তিনি মহারাষ্ট্র চ্যারিটি কমিশনারের কাছে একটি পিটিশন দাখিল করে ট্রাস্টসের কার্যকারিতা ও তাদের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
টাটা গ্রুপের জন্য এর অর্থ: কর্পোরেট বিশেষজ্ঞরা মনে করেন যে, আরএনটি অ্যাসোসিয়েটস থেকে মেহলি মিস্ত্রির প্রস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কয়েক দশক ধরে রতন টাটার অন্যতম বিশ্বস্ত সহযোগী ছিলেন এবং অনেক কৌশলগত সিদ্ধান্তে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসাবে বিবেচনা করা হতো। টাটা ট্রাস্টস থেকে পৃথক হওয়ার পর ফ্যামিলি অফিস থেকেও তাঁর প্রস্থান এই ইঙ্গিত দেয় যে, টাটা গ্রুপের নতুন নেতৃত্ব কাঠামো সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হচ্ছে।
ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দল! ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বাবার মৃত্যুসংবাদ পেলেন কোচ
আরএনটি অ্যাসোসিয়েটস কেন গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি, আরএনটি অ্যাসোসিয়েটস ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রতন টাটার ফ্যামিলি অফিস এবং ব্যক্তিগত বিনিয়োগ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে রতন টাটা বেশ কয়েকটি স্টার্টআপ এবং উদীয়মান কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এই প্ল্যাটফর্ম পেটিএম, ওলা এবং ব্লুস্টোনের মতো বেশ কয়েকটি সুপরিচিত স্টার্টআপে বিনিয়োগও করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তেও মিলল না সুযোগ! বৈভবের ডেবিউর জন্য অপেক্ষায় খোদ সুনীল গাভাস্কার
এখন আরএনটি অ্যাসোসিয়েটস কে নিয়ন্ত্রণ করে: রিপোর্ট অনুসারে, আরএনটি অ্যাসোসিয়েটসের বোর্ডে রতন টাটার বোন শিরিন জেজেভয় এবং ডায়ানা জেজেভয় সহ টাটা গ্রুপের বেশ কয়েকজন উচ্চ অধিকারিক রয়েছেন। রতন টাটার মৃত্যুর আগে, আরএনটি অ্যাসোসিয়েটসের শেয়ারহোল্ডিং রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন এবং রতন টাটা এনডাউমেন্ট ট্রাস্টের অধীনে পুনর্গঠিত হয়েছিল। এই সংস্থাগুলির মধ্যে টাটা গ্রুপ ও টাটা ট্রাস্টসের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি স্বনামধন্য নাম শামিল রয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন নোয়েল টাটা এবং নটরাজন চন্দ্রশেখরনও।



