0%

Isobutanol Mixed Diesel: E20-র পর কেন্দ্রের আরও বড় পরিকল্পনা, ডিজেলে মেশানো হবে আইসোবিউটানল, জানালেন গড়করি

ই২০-র পর ডিজেল নিয়েও বড় পরিকল্পনা কেন্দ্রের।Image Credit: PTI

নয়া দিল্লি: জ্বালানিতে আসছে আমূল পরিবর্তন। ক্লিন এনার্জির (Clean Energy) পথে হাঁটছে ভারত। ইতিমধ্যেই চালু হয়েছে ই২০ জ্বালানি (E20 Fuel)। এবার আরও এক ধাপ এগিয়ে আরেকটি বড় পরিকল্পনা কেন্দ্রের।  পেট্রোলে যেমন ২০ শতাংশ ইথানল (Ethanol) মেশানো হচ্ছে, তেমনই এবার ডিজেলে (Diesel) আইসোবিউটানল (isobutanol) মেশানোর পরিকল্পনা করছে সরকার। এ কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)।

আইসোবিউটানল মিশ্রিত ডিজেল আসছে?

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীলতা কমিয়ে গ্রিন এনার্জি-ক্লিন এনার্জির পথে এগোচ্ছে দেশ। আর সেই লক্ষ্যেই ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রিত ডিজেল আনার পরিকল্পনা। কেন্দ্রের জ্বালানি পরিকল্পনা নিয়ে তিনি বলেন যে ডিজেলে সরাসরি ইথানল মেশানো যায় না। তাই বিকল্প হিসাবে ইথানল থেকে আইসোবিউটানল তৈরির প্রচেষ্টা চলছে। আইসোবিউটানল ডিজেলের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে বলেই তিনি জানান।

নিতিন গড়করি বলেন, “আমরা ১০০ শতাংশ ইথানল ও আইসোবিউটানল দিয়ে দুটি জেনারেটর সফলভাবে চালিয়েছি। এটা প্রমাণ করে যে এই ধরনের জ্বালানিতে চলার পর মতো ইঞ্জিন তৈরি করা সম্ভব।”

আইসোবিউটানলের সুবিধা কী কী?

  • আইসোবিউটানলকে আগামী প্রজন্মের বায়ো-ফুয়েল বলে গণ্য করা হচ্ছে।
  • এতে এনার্জি বা শক্তির ঘনত্ব বেশি।
  • ইঞ্জিনে এই জ্বালানি বেশি ভালো পারফর্ম করে।
  • বাকি বায়ো-ফুয়েলের তুলনায় এতে দূষণ কম হয়, ধোঁয়া কম উৎপন্ন হয়।

কেন্দ্রীয় আধিকারিকদের মতে, ডিজেলে আইসোবিউটানল মিশ্রণ বা আইসোবিউটানল-কেই যদি জ্বালানি হিসাবে গ্রহণ করা হয়, তবে ভারতের ক্রুড তেল আমদানির উপরে নির্ভশীলতা অনেকটাই কমে যাবে।

আইসোবিউটানল কী?

আইসোবিউটানল (Isobutanol) হল একটি বর্ণহীন, দাহ্য অ্যালকোহল, যার রাসায়নিক সংকেত C₄H₁₀O। এটি বিউটানল (Butanol)-এর একটি আইসোমার (isomer), অর্থাৎ একই রাসায়নিক সংকেত হলেও অণুর গঠন ভিন্ন।

আইসোবিউটানল-র ব্যবহার-

  • সাধারণত শিল্পে দ্রাবক (Solvent) হিসেবে রং, বার্নিশ ও কোটিং তৈরিতে ব্যবহার হয়।
  • রাসায়নিক উৎপাদনে বিভিন্ন এস্টার ও অন্যান্য যৌগ তৈরির কাঁচামাল হিসেবে।
  • বায়োফুয়েল (Biofuel) বা পেট্রোলের সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসেবে।
  • ফার্মাসিউটিক্যাল ও কসমেটিক শিল্পে কিছু বিশেষ রাসায়নিক তৈরিতে ব্যবহার করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে পেট্রোল পাম্পে উপলব্ধ ই২০ জ্বালানি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। সরকারের ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম নিয়ে নানা ভুয়ো তথ্য রটতেই কেন্দ্রের তরফে সাফাই দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, ইথানল ব্লেন্ডিং জ্বালানি অর্থাৎ ই২০ (E20) ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনে কোনও ক্ষতি হচ্ছে না। গাড়ির মাইলেজও কমে যাচ্ছে না। ই২০ ব্যবহার করার কারণে গাড়ির ইন্সুরেন্স বা ওয়ারেন্টিতেও কোনও প্রভাব পড়বে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker