Plot to attack CM suvendu adhikari, Pakistani militant arrested in Bardhaman

বেঙ্গল এসটিএফের জালে জইশ জঙ্গি! বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ উদ্ধার করা হয়েছে। বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের জিম থেকে তাকে গ্রেপ্তার (Militant Arrested in Bardhaman) করে বেঙ্গল এসটিএফের এটিএস। আজ, শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।
ধৃতের নাম হামিদ মণ্ডল। সে হাওড়ার পিলখানার বাসিন্দা। গেঞ্জি কারখানায় কাজ করত সে। ২ মাস আগে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে হামিদ। বৃহস্পতিবার রেনেসাঁ হাউসিংয়ে জিম করছিল সে। সেই সময় বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, হামিদ জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সে। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে হামিদ। মূলত সে আইএসআই হ্য়ান্ডলার হিসেবে কাজ করত। বর্ধমানে বসে ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। কার নির্দেশে হামিদ এই কাজ করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
হামিদের কাছ থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তাঁর সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিদ জোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়িটি সাজ্জাদ ভাটের। সে জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। ২০১৯ সালের জুন মাসে এনকাউন্টারে তার মৃত্যু হয়। কাশ্মীরের এই সাজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিল হামিদ।
শেয়ার
লিংক



