0%

লোহিত সাগরে আক্রান্ত ১৪ ভারতীয়কে উদ্ধারে বন্ধুত্বের বার্তা হাউথির! ‘সকলে নিরাপদে’, জানাল দূতাবাস 

বৃহস্পতিবার ইয়েমেন উপকূলে জলযানে হামলার ঘটনায় ১৪ ভারতীয়র প্রাণ সংশয় হয়। শুক্রবার ইয়েমেনের ভারতীয় দূতাবাস জানাল সকলে সুস্থ এবং নিরাপদে আছেন। গতকাল ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে একটি ইয়টকে নিশানা করেছে সৌদি আরব। ওই জলযানটিতে ছিলেন ১৪ জন ভারতীয় নাগরিক। পরে হাউথি সমর্থিত ইয়েমেনের একটি সশস্ত্র বাহিনী তাঁদের উদ্ধার করে। যদিও এই বিষয়ে সৌদি প্রশাসন মুখ খোলেনি। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের অঙ্ক কী বদলে যাচ্ছে। কার্যত বিবৃতি জারি করে দিল্লির মন পাওয়ার চেষ্টা করছে হাউথি গোষ্ঠী।

এদিন ইয়েমেনের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, “১৪ জন ভারতীয় নাগরিকই ইয়েমেনের বন্দর শহর হোদাইদার আশেপাশের অঞ্চলে নিরাপদে আছেন। আমরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেব।” এর আগে দূতবাস জানিয়েছিল, ১৪ ভারতীয় খোঁজ মিলছে না। তাঁদের বিষয়ে জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, ইয়েমেনের এই বন্দর শহরটি বিদ্রোহী হাউথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে স্পষ্ট যে বিপদে পড়া ভারতীয়দের তারাই উদ্ধার করেছিল।

গতকাল এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে হাউথি-সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া শাড়ি জানান, “সৌদি বাহিনী জুকার দ্বীপের কাছে একটি ভারতীয় ইয়টকে লক্ষ্যবস্তু করছে। যেটিতে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন।” আরও বলা হয়েছে, “সৌদি শত্রুপক্ষের এই বেপরোয়া কর্মকাণ্ডে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচল হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলির উচিত সৌদিকে এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড থেকে বিরত রাখা।” সৌদির এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলেও অভিহিত করেছে বিদ্রোহী হাউথি গোষ্ঠী।

একই দিনে সৌদি আরবের দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় মৃত্যু হয় ভারতীয়-সহ দু’জনের। অভিযোগ, হাউথি গোষ্ঠী ওই ড্রোন ছুড়েছিল। এরপরই পালটা ভারতীয় নাগরিকদের উপর সৌদির হামলার বিষয়টি তুলে ধরে ইরান বিদ্রোহী গোষ্ঠী। বিবৃতি দিয়ে তারা জানায়, ভয়ংকর বিপদ থেকে ভারতীয়দের তারাই উদ্ধার করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, সৌদির ‘বন্ধু’ বলে পরিচিত দিল্লির দিকে পালটা বন্ধুত্বের হাত বাড়াচ্ছে হুউথিরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker