0%

Annapurna Yojana Launched by CM Suvendu Adhikari

সবদিক নিউজ: রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল বর্তমান রাজ্য সরকার। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু করল বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। আর সেই উদ্বোধনী মঞ্চ থেকেই পূর্বতন তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে এক চাঞ্চল্যকর দুর্নীতির বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় তিনি বার্তা দেন, “এটা কোনও ব্যক্তি বা বিশেষ দলের পকেটের টাকা নয়, এটা সরকারের টাকা, জনগণের টাকা। ফলে সমাজের প্রকৃত উপযুক্ত মানুষই এই সুবিধা পাবেন, এটাই আমাদের সরকার বিশ্বাস করে।”

রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম জমা দিয়েছিলেন। সেই সমস্ত তথ্য সরকারি পোর্টালে তোলার পর কড়া ঝাড়াই-বাছাই এবং ডিজিটাল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রী জানান, প্রথমে প্রায় ২৭ লক্ষ আবেদনপত্রের ডেটা মিললেও, চূড়ান্ত স্ক্রুটিনির পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করা হয়েছিল।

তবে এই যাচাইকরণের মাঝেই বড়সড় কোপ পড়েছে ভুয়ো নামগুলোর ওপর। শুভেন্দু অধিকারী জানান, স্ক্রুটিনিতে প্রায় ২৬ লক্ষ ভুয়ো ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সম্পূর্ণ বাতিল করা হয়েছে। বাকিদের মধ্যে থেকে চূড়ান্ত যাচাইয়ের পর বুধবার দুপুর ১টা বাজতেই একযোগে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে পাহাড়ি এলাকার ১ লক্ষ ২২ হাজার ৬২৮ জন মহিলাও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এক মানবিক ও তাৎপর্যপূর্ণ ঘোষণা করে জানান, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা এবং সিএএ (CAA)-তে আবেদন করা ব্যক্তিরা, কিংবা যাঁদের নাগরিকত্বের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের এই ভাতা কোনওভাবেই বন্ধ করা হবে না।

এর পরেই বিগত তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, “লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আমরা তদন্তে নেমে ২৭ লক্ষ এমন নাম পেয়েছি, যারা আদেও ভারতীয় নন! কেউ এ রাজ্যে থাকেন না, কারও আবার তিন জায়গায় নাম নথিভুক্ত ছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গিয়েছে ১০ লক্ষ পুরুষের অ্যাকাউন্টেও! পুরুষদের অ্যাকাউন্টে এই টাকা যাওয়া কি আদেও উচিত ছিল?”

পরিশেষে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের মাত্র দেড় মাসের সরকার। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণের দিকে আমরা এক লপ্তে অনেকটা এগিয়ে গেলাম।” এই মেগা প্রকল্পের সফল সূচনার জন্য তিনি প্রধানমন্ত্রীকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker