DA নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে ২ জুন, ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম (West Bengal Health Scheme – WBHS) সংক্রান্ত বিষয়ে অবগত করা হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে যা সরকারি কর্মীদের জন্য জানা অত্যন্ত জরুরি।
রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি | Government Of West Bengal
১) বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য স্কিমে নাম নথিভুক্তকরণের জন্য চূড়ান্ত সময়সীমা জানানো হয়েছে। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অল ইন্ডিয়া সার্ভিসের (AIS) কর্মচারী ও পেনশনভোগী এখনও পর্যন্ত এই স্বাস্থ্য স্কিমে নাম নথিভুক্ত করেননি, তাঁদের জন্য আগামী ৩১ জুলাই, ২০২৬ তারিখটি চূড়ান্ত সময়সীমা বলে জানানো হয়েছে। এখানে বলে রাখা ভালো, নবনিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে আগের নিয়ম ও নির্ধারিত সময়সীমা যা ছিল তাই থাকবে।
২) বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে সকল সরকারি কর্মচারী আগামী এক বছরের মধ্যে অবসর গ্রহণ করতে চলেছেন এবং ইতিমধ্যেই এই স্কিমের আওতাভুক্ত আছেন, তাঁরা নিজে থেকে বেরিয়ে না যেতে চাইলে তাঁদের অবসর গ্রহণের পর থেকে এই স্কিমের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে জারি থাকবে। এক্ষেত্রে পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ (PSA) সংশ্লিষ্ট কর্মচারীকে পেনশনভোগী হিসেবে পোর্টালে নথিভুক্ত করবেন এবং অবসরের দিনেই নতুন এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩) বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত হেড অব অফিস (HoO) এবং পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে (PSA) নির্দেশ, পোর্টালের মাধ্যমে ছবি, স্বাক্ষর এবং রক্তের গ্রুপ সহ ডিজিটালি সাইনড এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া যাঁদের বাকি রয়েছে তাঁরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাকি থাকা সকল কর্মচারী, পেনশনভোগী ও তাঁদের নির্ভরশীলদের এই ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা নিশ্চিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছদ্মবেশে তদন্ত, তারপর মাঝরাতে হানা! IPS রিতী রাজের অভিযানে ফাঁস নামী পাবের মধুচক্র
একইসাথে ৩১ জুলাইয়ের মধ্যেই কারও সার্টিফিকেটে আধার নম্বর যুক্ত করা না থাকলে সেই কাজও সম্পন্ন করতে বলা হয়েছে। পুরোনো অফলাইন ক্লেমের (১ জুলাই, ২০২২ তারিখ থেকে অনলাইনে ক্লেম সাবমিশন ব্যবস্থা চালু হওয়ার আগে) ক্ষেত্রে নিষ্পত্তির শেষ তারিখও ৩১ জুলাইকে চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত সময়সীমা পেরিয়ে গেলে অর্থ দপ্তরের মেডিক্যাল সেলের সম্মতি ছাড়া কোনো পুরনো অফলাইন দাবির নিস্পত্তি করা যাবে না বলে জানানো হয়েছে।




