Entertainment Latest Live News Updates: শুটিং চলাকালীন পিছলে পড়ে চোট, KBC-তে জানালেন অমিতাভ বচ্চন

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে প্রতিযোগীর খেলা শুরুর আগেই দর্শকদের চমকে দিল অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার খবর। প্রতিটি এপিসোডে সাধারণত মঞ্চে হেঁটে এসে প্রাণবন্ত ভঙ্গিতে অনুষ্ঠান শুরু করেন বিগ বি। কিন্তু এদিন তাঁর সেই পরিচিত ছন্দে কিছুটা পরিবর্তন দেখা যায়। জানালেন, শুটিংয়ের সময় পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে অমিতাভ বলেন, “সাধারণত আমি মাঝখানে দাঁড়িয়ে আমার মনোলগ বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে।” অভিনেতা জানান, আগের দিন শুটিং চলাকালীন আচমকাই পিছলে পড়ে যান তিনি। বিষয়টি শুনে স্টুডিয়োয় উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে পরিস্থিতি গুরুতর নয় বলেই স্পষ্ট করেন অমিতাভ। তাঁর কথায়, “গতকাল শুটিংয়ের সময় পিছলে পড়ে গিয়েছিলাম এবং হাঁটুতে চোট লেগেছে।” দাঁড়িয়ে প্রতিযোগীদের সঙ্গে পর্ব চালিয়ে যেতে পারলেও শুরুতে কিছুটা অসুবিধা হচ্ছিল বলে বসেই মনোলগ বলার সিদ্ধান্ত নেন তিনি। দর্শকরাও তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানান।
এরপর শুরু হয় আগের দিনের রোলওভার প্রতিযোগী শৌর্য দাসের খেলা। একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি পৌঁছে যান ২৫ লক্ষ টাকার ধাপে। এরপর আসে ৫০ লক্ষ টাকার প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হয়—১৯৩০-এর দশকে লখনউ বিশ্ববিদ্যালয়ের একটি গ্রন্থাগার যে স্থপতির মাধ্যমে নির্মিত হয়েছিল, তিনিই কোন দেশের জাতীয় রাজধানীর নকশা করেছিলেন?
বিকল্প ছিল ওয়েলিংটন, ক্যানবেরা, টরন্টো এবং ব্রাসিলিয়া। সঠিক উত্তর নিয়ে নিশ্চিত হতে না পেরে শৌর্য ২৫ লক্ষ টাকা নিয়েই খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মজার বিষয়, বেরিয়ে যাওয়ার পর তিনি ক্যানবেরাকেই উত্তর হিসেবে বেছে নেন। সেটিই ছিল সঠিক উত্তর। ফলে মাত্র এক ধাপের জন্যই ৫০ লক্ষ টাকার সুযোগ হাতছাড়া হয় তাঁর।



