0%

FIFA World Cup 2026: শাকিরার সঙ্গে নোরা, ফুটবল বিশ্বকাপে হতে চলেছে জোড়া বিস্ফোরণ!

এই মেগা ইভেন্টকে ঘিরে ইতিমধ্য়েই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে পৌঁছে গিয়েছে।

শাকিরা (Shakira) এবং নোরা ফতেহি (Nora Fatehi)—বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে এবার গ্ল্যামারের ডবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা। ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের সবুজ গালিচার লড়াই নয়, মাঠের বাইরের সুরের মূর্ছনা আর গ্ল্যামারের ছটাও সমান আকর্ষণীয়। আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে বসতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের এক বর্ণাঢ্য উদ্বোধনী আসর। আর সেই মঞ্চেই আবারও আগুন ধরাতে ফিরছেন ফুটবল বিশ্বকাপের সমার্থক হয়ে ওঠা পপ সম্রাজ্ঞী শাকিরা। নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে তিনি এবার পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে এই জমকালো অনুষ্ঠান শুরু হবে। এই মেগা ইভেন্টকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে পৌঁছে গিয়েছে।

তবে বিনোদনের এই কোলাজ শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না, এবারের বিশ্বকাপে বিনোদনের কোনও খামতি রাখছেন না আয়োজকেরা। মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন, অর্থাৎ ১২ জুন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কানাডা এবং আমেরিকাতে। কানাডার টরন্টোর মঞ্চ মাতাতে প্রস্তুত ভারতের ডান্সিং কুইন নোরা ফতেহিও। টরন্টোর এই মেগা অনুষ্ঠানে নোরার পাশাপাশি প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত গায়ক মাইকেল বুবলে এবং অ‌্যালানিস মরিসেট। অন্যদিকে, ঠিক একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামে পপ সংগীতের মায়াজাল বুনে দেবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং জনপ্রিয় র‌্যাপার ফিউচার।

মেক্সিকোর মূল উদ্বোধনী মঞ্চে শাকিরা ও বার্না বয় ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে একঝাঁক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাকে। এই তালিকায় রয়েছেন আলেহান্দ্রো ফের্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জিলেস আজুলেস, মানা এবং টাইলার মতো দুর্দান্ত সব শিল্পীরা। ফুটবলপ্রেমীরা হয়তো কখনও ভাবেননি যে একই টুর্নামেন্টে এত বড় বড় তারকাদের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে।

তবে চমকের এখানেই শেষ নয়! বিশ্বকাপের শুরুটা যেমন রাজকীয় হচ্ছে, শেষ অনুষ্ঠানটি ঠিক ততটাই জমকালো করার পরিকল্পনা রয়েছে ফিফার। টুর্নামেন্টের ফাইনাল শেষে সমাপ্তি অনুষ্ঠানেও মঞ্চ মাতাতে চলেছেন শাকিরা। তবে তখন তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন কিংবদন্তি পপ কুইন ম‌্যাডোনা এবং সাউদার্ন কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ (BTS)। সব মিলিয়ে, মাঠের ফুটবল আর মঞ্চের বিশ্বসংগীতের মেলবন্ধন দেখার জন্য এখন থেকেই প্রহর গুনছেন কোটি কোটি দর্শক।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker