0%

Petrol-Diesel Price Cut: সস্তা হবে পেট্রোল-ডিজ়েল, এবার বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর

নয়া দিল্লি: কমবে পেট্রোল-ডিজ়েলের দাম? এবার জ্বালানি নিয়ে স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, খুব শীঘ্রই পেট্রোল-ডিজ়েলের দাম কমবে। ঠিক কবে জ্বালানির দাম কমতে পারে, তাও জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু, এদিকে, হরমুজ় প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। ট্রাম্প শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন। ফলে ফের জ্বালানি পরিষেবা বিঘ্নিত হতে পারে। ফের বাড়তে পারে তেলের দাম। এর প্রভাব কি ভবিষ্যতে পেট্রোল-ডিজ়েলের উপরও পড়বে? কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা কি সাময়িক স্বস্তি?

পেট্রোল-ডিজ়েলের দাম নিয়ে কী বললেন হরদীপ সিং পুরী?

উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক সাংবাদিক বৈঠকে জ্বালানির দাম কমার ইঙ্গিত দিয়েছেন হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি কম দামে কেনা অপরিশোধিত তেল ভারতীয় শোধনাগারগুলিতে পৌঁছলে দেশে পেট্রোল-ডিজ়েলের দাম কমতে পারে। বর্তমানে তেল বিপণনকারী সংস্থাগুলি (OMCs) এখনও তুলনামূলক বেশি দামে কেনা অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করছে। ফলে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমলেও তার প্রভাব জ্বালানির দামে পড়তে কিছুটা সময় লাগছে। হরদীপ সিং পুরী বলেন, “সংস্থাগুলির কাছে এখনও বেশি দামে কেনা কাঁচা তেল মজুত রয়েছে। কম দামে কেনা তেল শোধনাগারে পৌঁছলে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হবে।”

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ভারতে জ্বালানির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, বাস্তব পরিস্থিতি বিচার করলে দেশে পেট্রোল-ডিজেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি। পুরী জানান, ২০২১ সালের নভেম্বর, ২০২২ সালের মে মাস এবং সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে। এর ফলে প্রতি লিটারে প্রায় ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত বোঝা সরকার নিজেই বহন করেছে।

পেট্রোল-ডিজ়েলের দাম

বর্তমানে দেশের চার শহরে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২.১২ টাকা ও ৯৫.২০ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল ১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকায় বিক্রি হচ্ছে। আবার চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০৭.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা প্রতি লিটার।

কিন্তু, এখন প্রশ্ন উঠছে, হরমুজ় বন্ধ করে দেওয়ায় কি ফের অচলাবস্থা তৈরি হবে? আবারও বাড়বে অপরিশোধিত তেলের দাম? সাধারণত অপরিশোধিত তেলের দাম বাড়লে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়ারও সম্ভাবনা তৈরি হয়। পশ্চিম এশিয়ার উত্তেজনা শেষপর্যন্ত কোন দিকে মোড় নেয়, তার উপরই নির্ভর করবে জ্বালানির দাম।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker