0%

Proposal for Dhaki Academy initiated by PadmaShri Gokul Chandra Das, MLA Subrata Thakur give assurance

বাংলার ঐতিহ্যবাহী ঢাকশিল্পের সংরক্ষণ, প্রসার এবং আগামী প্রজন্মের মধ্যে এই শিল্পধারার বিস্তার প্রয়োজন। সেই লক্ষ্যে পদ্মশ্রী গোকুলচন্দ্র দাসের উদ্যোগে ঢাকি অ্যাকাডেমি গঠনের প্রস্তাব জানানো হল গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের কাছে। আগামী দিনে অ্যাকাডেমি হবে, বিধায়ক এই বিষয়ে আশ্বাস দিয়েছেন। আশ্বাসে আশাবাদী ঢাকিশিল্পীরা। MotilalDhaki.com সংস্থার উদ্যোগে এক কর্মসূচি নেওয়া হয়েছিল রবিবার। বনগাঁর ঠাকুরনগরের মতুয়া মহাসংঘ প্রাঙ্গণে সুব্রত ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রায় ৫০ জন ঢাকশিল্পী অংশ নেন। উল্লেখযোগ্য বিষয়, অনেক মহিলা ঢাকিও উপস্থিত ছিলেন।

পদ্মশ্রী সম্মানলাভ করেছেন বাংলার ঢাকশিল্পী গোকুলচন্দ্র দাস। তিনি বাংলার ঢাকশিল্পীদের সঙ্গীত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার জন্য তিনি ঢাকশিল্পীদের নিয়ে একটি অ্যাকাডেমি গঠনের পরিকল্পনা করেন। তার মাধ্যমে ঢাকশিল্পের প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, নথিভুক্তকরণ এবং নতুন প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যবাহী শিল্পের চর্চা ও প্রসারের উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়টি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের কাছে প্রস্তাব আকারে রাখা হয়।

ঢাকি শিল্পীদের সঙ্গে শোভাযাত্রায় পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস। নিজস্ব চিত্র

বিধায়ক সুব্রত ঠাকুর শিল্পীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। শুধু তাই নয়, ঢাকশিল্পীদের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি ঢাকি অ্যাকাডেমি প্রতিষ্ঠা, ঢাকশিল্পীদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, এবং বাংলার লোকসংস্কৃতির বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী দিনে এই শিল্পের উন্নতিতে শিল্পীদের পাশে থাকার ইচ্ছাও প্রকাশ করেন। বিধায়কের আশ্বাসে উপস্থিত ঢাকশিল্পীরাও উৎসাহী। শিল্পীদের মত, গোকুলচন্দ্র দাসের নেতৃত্বে এই অ্যাকাডেমি হলে বাংলার ঢাকশিল্প ও লোকসংস্কৃতি নতুন দিগন্তের সূচনা করবে। আগামী প্রজন্মের কাছেও এই ঐতিহ্য পৌঁছে যাবে। 

এই বিষয়ে পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস জানিয়েছেন, অনেক আগে থেকেই এই অ্যাকাডেমি গড়ার ভাবনা। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর থেকে সেই তাগিদ আরও বেড়ে যায়। ঢাক একটি শিল্প। শিল্পীদের সম্মান ও সারাবছর যাতে তাঁদের কাজ থাকে, সেই লক্ষ্যেই এই অ্যাকাডেমি তৈরির ভাবনা। দুস্থ পরিবারের শিল্পীদের শেখানোই অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে আরও বেশি করে এই শিল্প ছড়িয়ে পড়বে। সরকার যেখানে এই অ্যাকাডেমির স্থান নির্ধারণ করবে, সেখানেই সেটি হবে। সে কথাও তিনি এদিন জানিয়েছেন।

 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker