Sourav Ganguly: ৫ বার ISL জিতেছে মোহনবাগান! সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে রেগে আগুন সবুজ-মেরুণ সমর্থকরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাফল্য কড়া নেড়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) দরজায়। সদ্যসমাপ্ত মরশুমে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) পেছনে ফেলে আইএসএল (ISL) খেতাব জয় করেছে লাল হলুদ শিবির। সেই বিজয়োৎসবের জন্য সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানে নিমন্ত্রিত প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) একটি মন্তব্য নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে মোহনবাগান সমর্থকদের মনে।
চারপাশে লাল-হলুদ পতাকা, মুহুর্মুহু উঠছিল “জয় ইস্টবেঙ্গল” স্লোগান। আর সেই মঞ্চেই মাইক হাতে দাঁড়িয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। আর মাইক হাতে সৌরভ যা বললেন, তাতে মঞ্চের সামনে কিছুক্ষণ পিন-ড্রপ সাইলেন্স। নিজের বক্তব্য রাখতে গিয়ে সৌরভ সরাসরি বললেন, “মোহনবাগান পাঁচবার ISL জিতেছে…” সৌরভের এই মন্তব্য এক মুহূর্তের জন্য চেনা আবহটা বদলে দিল। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাফল্যের প্রশংসা। এটা ফুটবল মাঠে বিরল। সৌরভ আরও বলেন, “ইস্টবেঙ্গল অনেক বছর পরে আইএসএল জিতেছে। এটা দুর্দান্ত ব্যাপার। কিন্তু এই সাফল্য ধরে রাখতে হবে।”

চিরপ্রতীদ্বন্দ্বীদের অনুষ্ঠানে মোহনবাগানের প্রশংসা শুনে খুশি হওয়ার কথা ছিল সবুজ মেরুণ ভক্তদের। কিন্তু মোহনবাগানের পাঁচবার আইএসএল জেতার মন্তব্য শুনে প্রচন্ডই ক্ষুব্ধ বেশ কিছু মোহনবাগান সমর্থক। কারণ এক্ষেত্রে সৌরভ এমন একটি তথ্য পরিবেশন করেছেন, যা মেনে নিতে চূড়ান্ত আপত্তি রয়েছে এই নির্দিষ্ট ক্লাবের সমর্থকদের।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন চমক! একসঙ্গে তিনটি সুখবর পেতে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা
মোহনবাগান কখনো পাঁচবার আইএসএল জেতেনি। এক দশকেরও বেশি আগে যখন আইএসএল শুরু হয়েছিল তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে গড়া ক্লাব এটিকে তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হয় প্রতিযোগিতার প্রথম ৬ বছরে। পরবর্তীতে এটিকে এবং মোহনবাগান একসাথে মার্জ করে তৈরি হয় এটিকে মোহনবাগান। সেই নাম নিয়ে চূড়ান্ত আপত্তি থাকলেও সবুজ মেরুণ জার্সি গায়ে একবার আইএসএল জেতে দলটি।
আরও পড়ুন: ব্রাজিলের তিনটি দুর্বলতা প্রথম ম্যাচেই স্পষ্ট দেখিয়ে দিলো মরক্কো! কৌশল না বদলালে ঘটবে বড় বিপদ
পরে সমর্থকদের আবেদনে সামনে থেকে এটিকে নামটি সরিয়ে নেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দলের নতুন নাম হয় মোহনবাগান সুপার জায়ান্টস। সেই দল একবার আইএসএল চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ প্রকৃত অর্থে কেবলমাত্র ২ বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুণ শিবির। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই নির্দিষ্ট মন্তব্যটিকে ইতিহাসের বিকৃতি বলে মনে করছেন সমর্থকরা।




