অভিষেক নিরাপত্তায় কাটছাঁট, মমতাকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরেই রাজ্যে সুশাসন চালু করতে একাধিক অঙ্গীকার নিয়েছেন তিনি। একই সঙ্গে আরও কিছু পরিবর্তন ঘটেছে রাজ্যে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। জেড প্লাস নিরাপত্তা সরানো হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর (Suvendu Adhikari)
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দিকে যেন কোনও গাফিলতি না হয়, এমনটাই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানা যাচ্ছে, কলকাতা পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মমতার নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থেকে যায়। কারণ তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং তাঁর হাতেই দীর্ঘদিন যাবৎ ছিল এ রাজ্যের শাসনভার। তাই তাঁর কড়া নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার নবান্নে বৈঠক: গত সোমবার নবান্নে প্রথম বার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে ওঠে ভিআইপিদের নিরাপত্তার প্রসঙ্গও। জানা গিয়েছে, আগে কিছু বাড়তি নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : ‘দিদি যেখানে আমি সেখানে’, তৃণমূলের ‘পাঁচালি’ গাওয়া ইমন এবার গান গাইবেন বিজেপির শপথগ্রহণে?
অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট: জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন অভিষেক। কিন্তু সাধারণত সাংসদরা এই পর্যায়ের নিরাপত্তা পান না। তাহলে অভিষেক পান কী করে? প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিষেকের এই মুহূর্তে জেড প্লাস নিরাপত্তা প্রয়োজন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তেমনটা না করারই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন : অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, রাজনীতিতে নবাগত বিজয়কে শুভেচ্ছা মোদীর
প্রসঙ্গত, হরিশ চ্যাটার্জি রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ২০১৬-র পর থেকেই নিরাপত্তা কড়াকড়ি করা হয়। পরবর্তীতে তাঁর বাড়ির সামনের রাস্তায় গার্ডরেল দিয়ে রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিধানসভা ভোটের ফলাফলের পরদিনই সরে যায় গার্ডরেল। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দিকে গাফিলতি না করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে খবর।



