0%

আনতে হল টাকা গোনার মেশিন! বাদুড়িয়ার পাটক্ষেত থেকে উদ্ধার কত কোটি?

সবদিক নিউজ: উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) বাদুড়িয়ার নগদ টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগে মাটি থেকে বেরিয়ে এল টাকার পাহাড়। প্রথমে সরকারি ত্রিপল মজুত, তারপর হোটেল থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার— আর এবার পার্টি অফিসের পিছনের জমি খুঁড়ে মিলল কোটি কোটি টাকা। উদ্ধার হওয়া নগদের পরিমাণ এতটাই বেশি ছিল যে শুধু বস্তা নয়, ব্যবহার করতে হয়েছে ট্রলি, ড্রাম এবং টাকা গোনার মেশিনও।

উত্তর ২৪ পরগণায় (North 24 Parganas) উদ্ধার টাকার পাহাড়:

সূত্রে খবর, বুধবার দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তদন্তকারী দল পৌঁছয় বাদুড়িয়ার তৃণমূল কার্যালয়ের লাগোয়া একটি পাটখেতে। সেখানে নির্দিষ্ট একটি জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু হতেই একের পর এক ব্যাগভর্তি নগদ অর্থ হাতে আসে। পরে সেখান থেকে চারটি ট্রলি ভর্তি টাকা এবং একটি বড় বস্তা উদ্ধার করা হয়। টাকার অঙ্কে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও হতবাক হয়ে পড়েন।

উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা থানায় নিয়ে যাওয়ার পর শুরু হয় দীর্ঘ গণনার প্রক্রিয়া। ব্যাঙ্ক আধিকারিক, প্রশাসনিক কর্মী এবং পুলিশের উপস্থিতিতে একাধিকবার টাকা গোনা হয়। রাতভর সেই প্রক্রিয়া চলার পর ভোরের দিকে পুলিশ জানায়, মোট উদ্ধার হওয়া নগদের পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। গভীর রাতে এলাকার বাসিন্দাদের একাংশ দেখতে পান, দীপঙ্কর ভট্টাচার্যের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে অফিসের সামনেই আগুন জ্বালিয়ে সরকারি নথি পোড়ানোর অভিযোগও ওঠে।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রাই খবর দেন বাদুড়িয়া থানায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে চলে যান দীপঙ্কর ও তাঁর ঘনিষ্ঠরা। এরপর রাতেই পার্টি অফিস ও একটি বাগানবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয় প্রায় চার হাজার সরকারি ত্রিপল।

দীপঙ্করের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়।সোমবার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় বাদুড়িয়ার পুরপ্রধানকে। সেই সময় তাঁর কাছ থেকেও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি। গ্রেফতারির পর তদন্তে নতুন মোড় আসে এবং সামনে আসে মাটির নীচে লুকিয়ে রাখা বিপুল নগদের হদিস।

How many crores of rupees were recovered from Baduria, North 24 Parganas

আরও পড়ুন : বড় সিদ্ধান্ত কেন্দ্রের! আরও ৫ বছর বিনামূল্যে মিলবে রেশন

এই ঘটনাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। উদ্ধার হওয়া টাকার উৎস কী, কার কার যোগ রয়েছে এবং আরও কোনও সম্পত্তি বা নগদ লুকিয়ে রাখা হয়েছে কি না— সেই সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker