এক বাসে চেপে হুগলি থেকে দিঘা! নতুন বাসের রুট, কোথা থেকে ছাড়বে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ হুগলির কোনও এলাকা থেকে দিঘা (Digha) যেতে হলে এতদিন মূলত হাওড়া কিংবা কলকাতায় ছুটতে হত। তবে এবার সৈকত শহর অবধি সরাসরি বাস পরিষেবা (Hooghly-Digha Bus) চালু হয়ে গেল। নতুন এই বাস কোথা থেকে ছাড়বে, কোন রুটে চলবে ইতিমধ্যেই তা জানা গিয়েছে।
হুগলি-দিঘা সরাসরি বাস | (Hooghly-Digha Bus)
রবিবার হুগলির জাঙ্গিপাড়া থেকে দিঘা অবধি সরাসরি বাস পরিষেবার উদ্বোধন হয়েছে। জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাস নতুন বাসের উদ্বোধন করেন। সেই ছবি ও ভিডিও নিজের সমাজমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “জাঙ্গিপাড়া এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে আজ জাঙ্গিপাড়া থেকে দিঘা বাস পরিষেবা শুরু করা হল।“
আরও পড়ুনঃ PSC-র মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই ১১ হাজার কর্মী নিয়োগ! বিরাট ঘোষণা পঞ্চায়েতমন্ত্রীর
জানা গিয়েছে, হুগলির জাঙ্গিপাড়া থেকে দিঘা বাস চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এবার থেকে একটি বাসে করে সরাসরি সৈকত শহরে পৌঁছতে পারবেন তাঁরা। নতুন বাসটি উদয়নারায়ণপুর, আমতা, বাগনান, মেছেদা, নন্দকুমার, হেঁড়িয়া, কাঁথি ও রামনগর হয়ে দিঘা পৌঁছবে।
পালাবদলের পর থেকে রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দিয়েছে নতুন রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করা হয়েছে। সেই সঙ্গেই রাজ্যের নানা জেলায় নতুন বাস পরিষেবা ও রুট চালু হয়েছে।

কয়েকদিন আগেই হুগলির তারকেশ্বর থেকে দিঘা অবধি সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। মহাদেব এক্সপ্রেস নামের এই বাস তারকেশ্বর থেকে পুড়শুরা, চাঁপাডাঙা, কাবলে, মায়াপুর, মুথাডাঙা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর, রামজীবনপুর, শ্রীনগর, ক্ষীরপাই, ঘাটাল, গৌড়া, মেচোগ্রাম, মেছেদা, তমলুক, নন্দকুমার, বাজকুল, কাঁথি, রামনগর হয়ে দিঘা পৌঁছবে।
গত ১৩ জুলাই তারকেশ্বর থেকে দিঘার পাশাপাশি আরও ৪টি রুটে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। অন্যান্য বাসগুলি কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও খড়গপুর যাবে।




