0%

এখনই বিদায় নয়! অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মেসি

এবারই শেষ? আর কোনও দিন কি তাঁকে নীল-সাদা জার্সিতে দেখা যাবে না! লিওনেল মেসি কি জাতীয় দলকে চিরবিদায় জানিয়ে দিলেন? বিশ্বকাপ ফাইনালের পর থেকেই এই আশঙ্কা কুরে কুরে খাচ্ছে মেসিভক্তদের। তবে সেই ভক্তকুলের জন্য কিঞ্চিৎ সুখবর। মেসি এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। অন্তত আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলির তেমনই দাবি। যদিও বেশিদিন তিনি জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান না।

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, আরও অন্তত মাস কয়েক জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যাবেন মেসি। আসলে বিশ্বকাপের পর একাধিক আর্জেন্টিনার তারকা অবসরের ইঙ্গিত দিয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন নিকোলাস ওটামেন্ডি। তিনিও বৃহস্পতিবার অবসর ঘোষণা করেছেন। এমনকী কোচ স্কালোনিও জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের পর দায়িত্ব ছাড়তে চান তিনি। যার ফলে হঠাৎ অথৈ জলে পড়ে যাবে। লিওনেল মেসি চাইছেন, অন্তত দলের এই ট্রানজিশনের সময়টা দলে থেকে যেতে। যাতে জুনিয়র ফুটবলররা জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পান। এবং একই সঙ্গে দলের খেলার মান বজায় থাকে।

আর্জেন্টিনার জার্সিতে মেসি। ফাইল ছবি।

তবে মেসি বেশিদিন খেলবেন না। জাতীয় দলের জার্সিতে আরও একটি বিশ্বকাপ খেলার কোনও প্রশ্নই নেই। এমনকী কোপা আমেরিকাও সম্ভবত তিনি খেলবেন না। কয়েক মাস বাদে তাঁকে মহাসমারোহে জাতীয় দল থেকে বিদায় দেওয়া হবে। সেসব পরিকল্পনাও করে ফেলেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করার কথা ভাবছে। এমন একটি ম্যাচের আয়োজন করা হবে, যাতে গোটা দেশের ফুটবলপ্রেমীরা তাঁকে সম্মান জানাতে পারেন। ওই খেলা দেখতে আসতে পারেন।

বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি মেসি। যার ফলে তাঁর অবসর নিয়ে রহস্য বাড়ছে। বিশেষ করে ফাইনালে নামার আগে যেভাবে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট সতীর্থদের আবেগঘন বার্তা দিয়েছিলেন লিও তাতে জল্পনা আরও বাড়ে। মেসি লেখেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা এই পরিবারকে বাঁচিয়ে রাখেন, তাঁদের ধন্যবাদ। এই দলটি ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে। যা আমরা কখনও ভুলব না। যা কেউ কোনও দিন মুছে ফেলতে পারবে না।’ মেসির এই পোস্টে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো কমেন্ট করেছেন। যেখানে একরাশ কান্নার ইমোজি আছে। তাতে অবসর জল্পনা বাড়ছিল। সেই অবসর প্রক্রিয়া খানিকটা হলেও বিলম্বিত হচ্ছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker