কিম কার্দাশিয়ানের ৬ কোটি ডলারের বাড়িতে চোরের হানা! গ্রেফতার

কিম কার্দাশিয়ানের (Kim Kardashian) বিলাসবহুল বাড়িতে চুরির চেষ্টার অভিযোগ। মার্কিন সমাজকর্মী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের লস অ্যাঞ্জেলসের হিডেন হিলসের সম্পত্তিতে অনুপ্রবেশ করে লুটপাটের চেষ্টা চালায় এক যুবক। শুধু তাই নয়, বাড়িতে থাকা একটি গাড়ি নিয়ে আশপাশের এলাকায় ঘুরতেও বেরিয়ে পড়ে সে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত রবিবার, ৯ অগস্ট। কিমের ওই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না কিম বা তাঁর চার সন্তান। বাড়িতে সংস্কারের কাজ চলায় তাঁরা বর্তমানে কাছাকাছি একটি ভাড়া বাড়িতে থাকছেন।
পুলিশের কাছে খবর পৌঁছয়, কিমের বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েছে এবং সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্মীরা। অভিযোগ, বাড়িতে ঢোকার পর অভিযুক্ত কিমের এক কর্মীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িটি নিয়ে আশপাশের এলাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফের কিমের সম্পত্তিতে ফিরে আসে সে। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
‘এনবিসি নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ধৃত যুবকের নাম ট্রে মেন্ডেল। তাঁর বয়স ২৭ বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সূত্রে খবর, ২০১৪ সালে প্রায় ২ কোটি মার্কিন ডলারে এই সম্পত্তি কিনেছিলেন কিম কার্দাশিয়ান এবং তাঁর তৎকালীন স্বামী কানিয়ে ওয়েস্ট, যিনি বর্তমানে ‘ইয়ে’ নামে পরিচিত। বাড়িটি কেনার পর সেখানে ব্যাপক সংস্কারের কাজ করান তাঁরা। ২০১৭ সালে সংস্কারের কাজ শেষ হওয়ার পর পরিবার নিয়ে সেখানে থাকতে শুরু করেন কিম। পরে কিম ও কানিয়ের বিবাহবিচ্ছেদ হয়। ২০২২ সালে আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। চার সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন কিম। তবে বর্তমানে ফের সংস্কারের কাজ চলায় বাড়িটি ফাঁকা রয়েছে।
‘লস অ্যাঞ্জেলস টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, কিমের এই বিলাসবহুল বাড়ির আয়তন প্রায় ১৫,৬৬৭ বর্গফুট। বাড়িতে রয়েছে একাধিক বসার ও খাবার ঘর, হোম থিয়েটার, ওয়েট বার-সহ গেম রুম, প্যানেল করা লাইব্রেরি, জিম, আটটি ফায়ারপ্লেস, আটটি শোওয়ার ঘর এবং ১০টি বাথরুম। সম্প্রতি সম্পত্তির পরিসর আরও বাড়াতে পাশের একটি বাড়িও কিনেছেন কিম।
আরও পড়ুন: চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনার পর কেমন আছেন এ আর আমিন? নিজেই জানালেন শারীরিক অবস্থার কথা
তবে কিমের সম্পত্তিতে এই অনুপ্রবেশের ঘটনা তাঁর জন্য নতুন নয়। প্রায় এক দশক আগে প্যারিসে বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন তিনি। ২০১৬ সালে পুলিশের ছদ্মবেশে কয়েকজন দুষ্কৃতী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে ঢুকে কিমকে বেঁধে রেখে বিপুল পরিমাণ গয়না লুট করে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য ছিল ৬০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি। এর মধ্যে কানিয়ে ওয়েস্টের দেওয়া প্রায় ৪০ লক্ষ ডলারের একটি হিরের আংটিও ছিল।
আরও পড়ুন: ‘আমি নাস্তিক, হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন’, বিস্ফোরক তসলিমা নাসরিন
২০২৫ সালে ওই মামলার বিচারপর্ব শেষ হয়। ১০ জন অভিযুক্তের মধ্যে আটজন দোষী সাব্যস্ত হন । এ বার নিজের বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি কিম কার্দাশিয়ান।
আরও পড়ুন: অস্ত্রোপচারের মাঝেই ‘সুহানি রাত ঢল চুকি’ গাইলেন সোনু নিগম, ভাইরাল ভিডিও



