0%

‘গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক’, ব্রিকস সম্মেলনে শান্তির বার্তা জয়শংকরের

যুদ্ধ-সহ বিভিন্ন কারণে গোটা বিশ্ব যখন অশান্ত, তখন ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে শান্তির বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। গাজায় চলা দীর্ঘ যুদ্ধেরও অবসান চেয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরও ডাক দিয়েছেন জয়শংকর।

১৪ ও ১৫ মে নয়াদিল্লিতে বসেছে ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। সেখানে বক্তৃতা করতে গিয়ে জয়শংকর বলেন, “আমরা যা প্রত্যক্ষ করছি তা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একগুচ্ছ গুরুতর প্রতিবন্ধকতা।” মধ্যপ্রাচ্যের সংঘাতের গাজা প্রসঙ্গে তিনি বলেন, “গাজার ভয়াবহ পরিণতি গোটা বিশ্ব দেখেছে। সেখানে অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। স্থায়ীভাবে শান্তি ফিরুক।” প্যালেস্তাইনের ক্ষেত্রে ভারত যে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে, সে কথাও স্পষ্ট করেছেন জয়শংকর। অন্যদিকে, পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথগুলিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ঝুঁকির কথাও তুলে ধরেছেন তিনি। জয়শংকর বলেন, “অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হরমুজ প্রণালী ও লোহিত সাগর-সহ আন্তর্জাতিক জলপথগুলিতে বাধাহীনভাবে জাহাজ চলাচল প্রয়োজন।” তাঁর মতে, এই সংকটগুলি বেছে বেছে নিরাময়ের পরিবর্তে ধারাবাহিক সম্পৃক্ততা প্রয়োজন।” তিনি আরও বলেন, “স্থিতিশীলতা বেছে বেছে স্থাপন করা যায় না এবং শান্তি খণ্ড খণ্ডভাবে আসে না।” আন্তর্জাতিক আইন মেনে চলা, নিরীহ নাগরিকদের সুরক্ষিত রাখা এবং সরকারি পরিকাঠামোর উপর আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী।

অন্যদিকে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরও ডাক দিয়েছেন জয়শংকর। তিনি বলেন, “বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কার আশু প্রয়োজন। রাষ্ট্রসংঘের অবস্থা বর্তমানে উদ্বেগজনক।” রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী উভয় বিভাগেই সম্প্রসারণের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, সন্ত্রাসবাদ নিয়েও মুখ খুলেছেন বিদেশমন্ত্রী। বলেন, “সন্ত্রাসবাদের কোনও যুক্তি থাকতে পারে না। এর বিরুদ্ধে আমাদের সবাইকে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker