চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই উত্তপ্ত বসিরহাট, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামল তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক:গতকাল এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে বাদ পড়েছে অনেকেরই নাম আর তাই নিয়ে এবার উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা।
এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাম বাদ নিয়ে বিক্ষোভ
এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দিকে দিকে ক্ষোভ ছড়িয়েছে। সেইসঙ্গে বহু লোকের নাম বাদ যাওয়ায় অনেকেই শঙ্কিত আর এই নিয়েই উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তের কাছে এলাকাগুলি।
এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে আগে থেকেই উঠেছিল অনেক রকম অভিযোগ। অনেক অভিযোগ এসেছে অবৈধ ভোটারদের ব্যাপারে। বসিরহাট মহকুমা থেকে এসআইআর-এর প্রক্রিয়ার চলাকালীন বহু অভিযোগ সামনে আসে। এই ধরনের ভোটারদের শুনানিতেও ডাকা হয়েছিল। দেখা যাচ্ছে বসিরহাট মহকুমা থেকে বাদ গেছে ১৬ হাজার ১২৫ জন ভোটারের। বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণ, এই দুই বিধানসভা মিলিয়ে সংখ্যাটা আরও বেশি।
আরও পড়ুন:‘আমার ছেলে তৃণমূল করে’, ‘জঙ্গি’ উমরের মায়ের দাবিতে শোরগোল
জানা যাচ্ছে যে বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত সাহাপুর ১১১ নম্বর বুথের ১ হাজার ৬৫ জনের মধ্যে ৪০০ জনকে ডিলিটেড হিসেবে ভোটার তালিকায় দেখানো হয়েছে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন, অবরোধ করেন। এমনকি শুভেন্দু অধিকারীর কুশ পুতুল পোড়ানোর অভিযোগ আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, কোন কোন জেলায় কতজনের নাম বাদ যাচ্ছে? জানুন এক ক্লিকে
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, “তৃণমূল যতই রাস্তায় নেমে আন্দোলন করুক কিংবা এসআইআর-এর বিরোধিতার নামুক, স্পষ্ট বলে দিতে চাই অবৈধ ভোটারদের নাম কোনও ভাবেই থাকবে না ভোটার তালিকায়। একমাত্র বৈধ ভোটারদের নামই থাকবে সেখানে”। এই নাম দেওয়া প্রসঙ্গে এখানকার স্থানীয় মদিন বিশ্বাস বলে এক বাসিন্দা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একজন বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে না। আমরা সেটা মেনে নেব না। নাম বাদ দেওয়ার প্রতিবাদেই আমরা অবরোধ বিক্ষোভে সামিল হয়েছি’।



