ডার্বির আগে চোটআঘাত চিন্তা ইস্টবেঙ্গলে, অনিশ্চিত জিভুলিচ, চিন্তা রশিদকে নিয়েও

ডার্বির (Kolkata Derby) আগে মোহনবাগানের ম্যাকলারেন, আপুইয়ারা যখন চোট কাটিয়ে ফিরে আসার পথে, তখন ঠিক বিপরীত ছবি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। চোট-আঘাতে জর্জরিত লাল-হলুদ শিবিরে একের পর এক ফুটবলারকে নিয়ে চাপ বাড়ছে। আনোয়ার, এডমুন্ডরা আগেই ডার্বি থেকে ছিটকে গিয়েছেন। ক্রিস ইকোনমেডিসেরও হ্যমস্ট্রিংয়ে চোট। তিনিও অনিশ্চিত ডার্বিতে। শুক্রবার অনুশীলনে দেখা যায়নি তাঁকে।
এদিন অনুশীলন করেননি দিয়েগো জিভুলিচ ও মহম্মদ রশিদ। যা কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে লাল-হলুদ সমর্থকদের। তবে রশিদকে সম্ভবত ক্লান্তির জন্য বিশ্রাম দিয়েছেন হাবাস। শুক্রবার অনুশীলনে সময় সাইডলাইনে ছিলেন রশিদ। কিন্তু জিভুলিচকে নিয়ে সংশয় বাড়ছে। জিভুলিচ না থাকলে সন্দীপ মান্ডি, লালচুংনুঙ্গা, হার্দিক ভাট, জয় গুপ্তাদের উপর রক্ষণ নিয়ে ভরসা করতে হবে হাবাসকে। এদিন অনুশীলনে জয় গুপ্তা আর হার্দিক ভাটকে দুই সাইড ব্যাক পজিশনে ব্যবহার করেছেন ইস্টবেঙ্গল কোচ।
আক্রমণভাগে ডেভিডকে একটু উইং দিয়ে ব্যবহার করার কথাও ভেবেছেন হাবাস। এবারের আইএসএল শুরুটা ভালো করলেও চেন্নাইয়িনের কাছে হেরে চাপ বেড়েছে ইস্টবেঙ্গলের। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন প্রভসুখন গিলরা। এর মধ্যে দুটো জয়। একটি ড্র ও একটি ম্যাচে হার। এসিএএল-টু’তে মাঝে আল-হুসেইন ম্যাচে জিতলেও সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি হাবাসকে। লাল-হলুদের একটাই আশার আলো। এসিএল টু-র ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন দানি রামিরেজ। সেই রামিরেজ পুরোদমে অনুশীলন করছেন। অর্থাৎ তাঁকে ডার্বিতে পাওয়া নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গিয়েছে। ফলে মাঝমাঠের সমস্যা কিছুটা কেটেছে হাবাসের।
এদিকে ডার্বি নিয়ে পারদ চড়ছে ক্রমশ। লিগ টেবিলে মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে থাকলেও ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে দুটি ম্যাচ কম খেলেছে। তবে এই ম্যাচে ফল আশানুরূপ না হলে চাপ বাড়বে লাল-হলুদের। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই এবারের আইএসএলে প্রত্যাশা বেড়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। এসিএল-টু’তে শুরুটাও খারাপ করেনি তারা। তবে যত সময় গিয়েছে চোট-আঘাতে জর্জরিত হয়ে চাপ বাড়ছে ইস্টবেঙ্গলের। বিশেষ করে রক্ষণের আনোয়ারের দীর্ঘ সময় মাঠের বাইরে চলে যাওয়াটা বড় ক্ষতি ইস্টবেঙ্গলের। তারপর সেই চোট-তালিকায় যোগ হয়েছে আরও একাধিক নাম।
শেয়ার
লিংক



